
শেষ আপডেট: 22 June 2023 06:43
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মনোনয়ন পর্বের সময় থেকেই রাজ্যজুড়ে অশান্তি চলছে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে কোচবিহার থেকে ক্যানিং। হুমকি চিঠি তো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবছর বিরোধী প্রার্থীর বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা পাঠানোর মতোও ঘটনা ঘটেছে। আর এবার চন্দ্রকোণার এক সিপিএম প্রার্থীর বাড়ির সামনে পরপর বোমাবাজি করে হুমকি চিঠি দিয়ে গেল দুষ্কৃতীরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মাধবপুরের ওই ঘটনায় শুধু ওই সিপিএম প্রার্থীর পরিবার নয়, আতঙ্কিত এলাকার মানুষজনও। কে বা কারা এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা ফাটিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোণা থানার পুলিশ।
সূত্রের খবর, ওই সিপিএম প্রার্থীর নাম পম্পা দাস। তিনি চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংসদে সিপিএমের টিকিটে প্রার্থী হয়েছেন। তবে কর্মসূত্রে তিনি থাকেন চন্দ্রকোণা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুরে। সেখানেই তাঁর বাপের বাড়ি। বুধবার ওই বাড়ির সামনেই বিকট শব্দে বোমা ফাটে। এরপর পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসতেই দেখে সেখানে একটি চিঠি পড়ে রয়েছে। তাতে পম্পাকে খুনের হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা।
ওই সিপিএম প্রার্থী বলেন, 'বুধবার রাত বারোটা নাগাদ খুব জোরে একটি বোমা ফাটে বাড়ির সামনে। ভয়ে তখন বাইরে বের হইনি। কিন্তু প্রথম বোমার ২ মিনিট পরে ফের দুটো বোমা ফাটে। এরপরই পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। সাহস করে বাইরে বেরিয়ে আসি। দেখি আমার উদ্দেশে একটি হুমকি চিঠি পড়ে। বলা হয়েছে, যে পথে গিয়েছি সেখান থেকে সরে না এলে আমাদের বাড়ির চার জনের মধ্যে একজনকে হারাতে হবে। ওই ঘটনার পর থেকে খুবই ভয় লাগছে। তৃণমূলই এসব কাণ্ড করেছে বলে মনে হচ্ছে।'

দেখা গেছে, পম্পার মায়ের উদ্দেশে ওই চিঠিতে লেখা হয়েছে, 'তোমার মেয়েকে সাবধান করে দাও। ও যে জায়গায় গিয়েছে সেখান থেকে সরে আসতে বলো কালকের মধ্যে। ভবিষ্যতে তোমার ভীষণ ক্ষতি হতে পারে। তোমার নাতি ও মেয়ের ক্ষতি হোক তা আমরা চাই না। আমরা চাই না তোমাদের চারজনের মধ্যে কেউ প্রাণ হারাক। তাই যে ব্যবসা করে খাচ্ছ সেটাই করো। সুখে থাকো। যে রাস্তায় গিয়েছ সেই রাস্তা থেকে সরে আসতে বলো। নইলে আমাদের থেকে খারাপ কেউ হবে না।' বিষয়টি প্রকাশ্যে আসতেই সিপিএমের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পঞ্চায়েতে সিবিআই তদন্ত: বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য