
শেষ আপডেট: 2 August 2022 06:41
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। এক সপ্তাহ আগেই এই দাঁতনে একটি তৃণমূল কর্মীর বাড়ি বোমা বিস্ফোরণে (Bomb Explosion) উড়ে গিয়েছিল। সোমবার ফের একই ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে দাঁতন (Dantan) থানার তররুই গ্রাম পঞ্চায়েতের পুন্দড়া এলাকায়।
জানা গেছে, এই বিস্ফোরণের তেজ এতটাই ছিল যে পাশের বেশকিছুটা অংশজুড়ে এই প্রভাব দেখা যায়। আশেপাশের বাড়িতে ফাটল দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, এলাকার অধর গড়াইয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, সন্ত্রাস ঘটানোর জন্য বোমা মজুদ করে রাখা হয়েছিল। সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটে। ২০১৩ সালেও এক সন্ত্রাসের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এই অধর ঘড়াই। সোমবারের বিস্ফোরণের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, সেই নিয়ে ধন্দে আছে পুলিশ। শুধু তাই নয়, অধরবাবুকে ঘিরেও সন্দেহ শুরু হয়েছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর দাবি, অধর তৃণমূলের সঙ্গে যুক্ত।
যদিও স্থানীয় তৃণমূল নেতারা সেই দাবি মানতে নারাজ। স্থানীয় নেতৃত্বের দাবি, অধরের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এলাকায় অশান্তি ছড়াতেই বাড়িতে বোমা মজুদ করে রাখা হয়েছিল। ইতিমধ্যেই অধর গড়াইকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। তবে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে।
মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান জাওয়াহিরি, 'যথার্থ বিচার হয়েছে' ঘোষণা বাইডেনের