
শেষ আপডেট: 8 August 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাগান থেকে বোমা কুড়িয়ে এনে স্কুলে দেওয়ালে মারতেই ঘটল বিস্ফোরণ (Bomb Blast)। এই ঘটনায় আহত হল ১০ বছরের ছেলে। সঙ্গে আরও এক নাবালক আহত হয়। অন্যয় হয়েছে বুঝতে পেরেই ভয়ে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালাল তাঁরা। এমনই বিড়ম্বনার ছবি উঠে এল দেগঙ্গায়।
মঙ্গলবার দেগঙ্গার (Deganga) হরপুকুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এদিন দুপুর দুটো নাগাদ স্কুলেরই দুই ছাত্র কাছের একটি মাঠে খেলছিল। সেখানে বোমা পড়ে থাকতে দেখে সেটিকে তুলে নিয়ে ছুড়ে মারে স্কুলের দেওয়ালে বলে অভিযোগ।
এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্কুলে তড়িঘড়ি ছুটি দেওয়া হয়। শিক্ষকরা ডেকে পাঠান পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ। বোমা কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, কয়েকদিন আগেই গ্রামে গন্ডগোল হয়েছিল। সেই সময় বোমা ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তাই স্কুলের মাঠে হয়ত বোমা পড়ে থাকতে পারে। অবুজ বাচ্চারা সেখানে খেলতে গিয়েই বোমা গুলি দেখতে পায়। বল ভেবেই হয়ত ছুড়ে মেরেছিল।
যদিও এই ঘটনার জন্য বিজেপি তৃণমূলের সন্ত্রাসকেই দায়ী করেছেন। বিজেপির বারাসতের সাংগঠনিক জেলা সভাপতি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, বাচ্চাদের হাতে যখন বল তুলে দেওয়া দরকার, সেখানে তৃণমূল বাচ্চাদের হাতে বোমা তুলে দিচ্ছে। এই ঘটনা লজ্জাজনক।
আরও পড়ুন: কোলের সন্তানকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার দুই অভিযুক্ত