
শেষ আপডেট: 23 July 2022 16:04
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সাতসকাল থেকে জেরা করার পর শনিবার সকালে গ্রেফতার করা হয়েছিল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তারপর নাকতলার বাড়ি থেকে তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য পার্থবাবুকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরনোর সময়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন পার্থ। বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু পাননি।
সন্ধেবেলায় সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টিই খণ্ডন করে দিলেন ববি হাকিম (Boby Hakim)। এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের তরফে ববি, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করেন। সেখানেই পার্থর এই ফোন করার চেষ্টা নিয়ে প্রশ্ন করা হয় পুরমন্ত্রী ববি হাকিমকে। তিনি বলেন, “ফোন করার চেষ্টা করবেন কী ভাবে? যখন তল্লাশি হয়, তখন তো সবার আগে ফোনটা নিয়ে নেওয়া হয়।”
একুশের ভোটের ফল বেরনোর পক্ষ কাল কাটতে না কাটতেই ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে নারদ কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই। সেইপ্রসঙ্গ তুলে ববি বলেন, “আমিও তো দেখেছি আমার বেলায়, আগে ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল।”
পার্থর ওই মন্তব্যের পর অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন, তাহলে কি তৃণমূল দায় ঝেড়ে ফেলতে চাইছে। এদিন অবশ্য সাংবাদিক বৈঠক করে শাসকদলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এখনই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হবে না। পার্থবাবুর বিষয়ে সবটাই এখনও অভিযোগের স্তরে। প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে। কিন্তু ববি দাবি করলেন, কারও বাড়িতে তল্লাশি হলে তা চলাকালীন ফোন করার সুযোগ থাকে না। অর্থাৎ পার্থ যা বলেছিলেন তাকে সরাসরি খণ্ডন করে দিল তৃণমূল।
আরও পড়ুন: আমাকে টর্চার করেছে ইডি, এটা বিজেপির চাল: বিস্ফোরক অর্পিতা