দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: ভোট বাজারে বিজেপি-তৃণমূল দ্বন্দ্বের শেষে নেই। আর সেই দ্বন্দ্বে নতুন করে ঘি ঢাললো এই ঘটনা। রবিবার সকালে বিজেপির ভোট প্রচারে পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাণীগঞ্জের রামবাগান এলাকায় সকালে বিজেপির পোস্টার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তাই নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।
বিজেপির রাণীগঞ্জের মন্ডল সভাপতি নরেশ কুমার মন্ডলের অভিযোগ, ''বাংলার ভোটকে সামন রেখে তৃণমূল সরকারের বিরুদ্ধে 'আর নয় অন্যায়' কর্মসূচি শুরু করেছে বিজেপি। এবার রথযাত্রাও প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে আরও কর্মসূচি রয়েছে। সেই সমস্ত কিছু প্রচার করতে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়। আর সেগুলিকে বানচাল করতে তৃণমূল উঠে পড়ে লেগেছে। তাই এই ভাবে রাতে তৃণমূল গুন্ডাবাহিনী দিয়ে পোস্টার ছিঁড়ে দিচ্ছে। বিজেপির তৃণমূলের পায়ে মাটি কেড়ে নিচ্ছে। তাই পদে পদে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে তৃণমূল।''
তবে তৃণমূলের রাণীগঞ্জ ব্লকের সহ সভাপতি জ্যোতি সিংয়ের পালটা দাবি, ''বিজেপির অভিযোগ ভিত্তিহীন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইরকম জঘন্য কাজ করে না। বিজেপির কর্মীরা নিজেরা পোস্টার ছিঁড়ে তৃণমূলকে দোষ দিচ্ছে, এর আগে রাণীগঞ্জে কয়েকটি এলাকায় বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠে ছিল। কিন্তু সেই সমস্ত এলাকায় ক্যামেরা লাগানোর পর পোস্টার ছেঁড়ার কোন অভিযোগ পাওয়া যায়নি। আসলে বিজেপি রাতের অন্ধকারে পোস্টার লাগাচ্ছে আর তৃণমূলকে বদনাম করতে নিজেরাই পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে। এভাবে রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। ''