
শেষ আপডেট: 29 December 2022 14:31
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আগামীকাল শুক্রবার কলকাতায় আসছেন (Bengal Visit)। সকালে পৌঁছে বিকালে ফিরে যাওয়ার অবধি পুরো সময়ই তাঁর সরকারি কর্মসূচিতে ব্যস্ত থাকার কথা।
কিন্তু রাজ্য বিজেপি প্রধানমন্ত্রীর সফরকে পুরোমাত্রায় দলীয় উদ্দেশে ব্যবহার করতে চাইছে। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি হাওড়া স্টেশনে। সেখান থেকে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। ওই মঞ্চ থেকেই জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন তিনি। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন তিনি।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ সদলবলে হাওড়া স্টেশনে গিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চ এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি খতিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতা বন্দরে গঙ্গা পরিষদের বৈঠকে পৌরহিত্য করবেন। ওই বৈঠকে যোগ দিতে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বৈঠকে অংশ নেবেন। আজ বিকাল থেকে তাঁরা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা একে একে কলকাতায় আসছেন। উওরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাত ৯ টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী পৌঁছে গিয়েছেন শহরে। তাঁদের বিমান বন্দরে স্বাগত জানতে উপস্থিত আছেন বিজেপির নেতারা।
বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের কার্যত দখল নিয়ে নিয়েছিলেন শহর হাওড়া ও উত্তর কলকাতার বিজেপি নেতারা। বেলা পৌনে ১২টার সময় লোকলস্কর নিয়ে হাওড়া সদরের এক বিজেপি নেতা যেভাবে চোস্তা-পাঞ্জাবি পরে হাওড়া স্টেশন চত্বরে ঘুরছিলেন তাতে অনেকে মনে করতে পারেন, তিনিই বোধহয় কোনও কেন্দ্রীয় মন্ত্রী।
পরে দেখা যায়, রেল মিউজিয়ামের দিকে বিজেপির পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে। সেই কাজই দেখতে এসেছিলেন তিনি। রেল পুলিশের কর্তাদের সঙ্গেও ওই নেতাকে কথা বলতে দেখা যায়।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচি নিয়ে রাজ্য বিজেপি চোখে পড়ার মতো তৎপর। দলের সোশ্যাল মিডিয়া সেল আগামীকাল প্রধানমন্ত্রীর পুরো কর্মসূচি লাইভ সম্প্রচার করবে। তাছাড়া রাজ্য বিজেপির তরফে বৃহস্পতিবার থেকেই প্রধানমন্ত্রী আর বুলেট ট্রেনের ছবি দিয়ে পোস্টার ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা, 'আমি আসছি পশ্চিমবঙ্গ।'
শুক্রবার হাওড়ায় মোদী, বন্ধ থাকবে অনেক রাস্তা, জেনে নিন ট্রাফিক নির্দেশিকা