
শেষ আপডেট: 11 April 2023 17:55
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পুলিশ আধিকারিককে নিয়ে বেলাগাম অশ্লীল মন্তব্য শোনা গেল বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ'র (MP Soumitra Khan) মুখে। সোনামুখী (Sonamukhi) থানার আইসির (IC) উদ্দেশে রীতিমতো তুই-তোকারি করে, এমনকী পরিবারকে জড়িয়ে হুমকি দিতে শোনা যায় তাঁকে। বিজেপি নেতার এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে বক্তৃতা করার সময় সোনামুখী থানার আইসিকে হুমকি দিয়ে সৌমিত্র খাঁ বলেন, "আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোর বাড়িতেও ছেলে মেয়ে আছে। এই গ্রাম বাংলার মা-বোনেদের হুমকি দিবি? তোর ঘরে মা-বোন নেই? নিজেদের ঘরের মা-বোনদের বিক্রি করিস বলে এখানের মা-বোনদের টাকা চুরি করবি?"
এখানেই শেষ নয়। পুলিশ আধিকারিকের উদ্দেশে এহেন অশালীন মন্তব্যের পাশাপাশি সৌমিত্রকে হুমকির সুরে বলতে শোনা যায়, "আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তাঁর কী ব্যবস্থা করা যায় দেখব।" রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ পদাধিকারী এই নেতার এমন অশ্লীল মন্তব্য সামনে আসতেই তাঁর সমালোচনায় সরব হয়েছে রাজনৈতিক মহল।
এটাই কি তাহলে 'বেটি বাঁচাও বেটি পড়াও'-এর নমুনা! প্রশ্ন তুলছে তৃণমূল। শাসকদলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বলেন, "প্রশাসন অবশ্যই ওঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে সৌমিত্র খাঁ'র নিজেরও সংযত হওয়া দরকার। একজন সাংসদ হয়ে কোথায় কী বলা উচিত, তা বুঝতে হবে।"
সরানো হল সিউড়ি থানার আইসিকে, গরু পাচার মামলায় তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি