.webp)
শেষ আপডেট: 17 February 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: 'পাহাড়ের মানুষ আর প্রতিশ্রুতি শুনতে চায় না। কাজ দেখতে চায়।' পৃথক রাজ্য এবং গোর্খাদের জনজাতির আওতায় আনার দাবিতে গত বছরের ৮ এপ্রিল বিধানসভায় বাবা সাহেব ডঃ আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, "পাহাড়ে আর বহিরাগত প্রার্থীকে বরদাস্ত করা হবে না। দল এবারে স্থানীয় কাউকে প্রার্থী না করলে তিনি নিজেই দলের বিরুদ্ধে লোকসভায় লড়বেন।"
তারপর ১০ মাস অতিক্রান্ত। এখনও নিজের দাবিতে অনড় রয়েছেন বিজেপি বিধায়ক। শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠক। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক অবশ্য এই বৈঠকে যোগ দেওয়ার পরিবর্তে বিধানসভায় এসেছিলেন। দাবি পূরণ না হওয়ায় অভিমানে দলের বৈঠকে যাননি? 'শরীর ভাল নেই, অতটা পথের ধকল নিতে পারব না', জানিয়ে বললেন, "দাবি কখনও পুরনো হয় না। বরং দাবি পূরণ না হলে তা আরও শক্তিশালী হয়।"
বিজেপি বিধায়কের কথায়, "আমি একবার যেটা বলি সেটা থেকে আমি সরি না। আমি বলছি না দার্জিলিং আসন গোর্খাকে দিতে হবে। আমি বলছি দার্জিলিং জেলার মধ্যে কোনও ভাল লোককে দল প্রার্থী করুক, যে আমাদের ইস্যু বোঝে। না হলে আমি প্রতিবাদ জানাতে দলের বিরুদ্ধে এবারে লোকসভায় লড়ব।"
গত বছরের ৮ এপ্রিল বিধানসভায় বাবাসাহেব ডঃ আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা।
নিজের দাবিতে অনড় থাকার সপক্ষে বিষ্ণু প্রসাদ শর্মার ব্যাখ্যা, পাহাড়ের মানুষের দুটো দাবি-আলাদা রাজ্য এবং গোর্খাদের জনজাতির স্বীকৃতি দেওয়া। আলাদা রাজ্য করার সুযোগ এখন আর নেই। সংসদের অধিবেশন শেষ হয়ে গেছে। কিন্তু ১০০ শতাংশ গোর্খাকে জনজাতির আওতায় আনার সুযোগ এখনও রয়েছে। সরকার চাইলে ক্যাবিনেট মেমো বের করে, প্রেসিডেন্সিয়াল নোট নিয়ে গেজেট নোটিফিকেশন বের করতে পারে।
বিজেপি বিধায়কের কথায়, "যদি ভোটের আগে অর্ডিন্যান্সের মাধ্যমে সরকার সেটা করে, তাহলেই আমি বহিরাগত প্রার্থীর প্রশ্নে নিজের দাবি থেকে সরে আসব। দল বহিরাগত প্রার্থী করলেও মেনে নেব। আর দাবি মানা না হলে যা বলেছি সেটাই করব।"
১৮-র লোকসভা নির্বাচনে পাহাড়বাসী উজাড় করে ভোট দিয়েছিল বিজেপিকে। যদিও গত পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে ধাক্কা খেয়েছে গেরুয়া ভোট। মাস দেড়েক পরেই লোকসভা ভোট। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে সোমবার থেকে পাহাড়ের গ্রাম পঞ্চায়েত এলাকায় আন্দোলনে নামতে চলেছে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এমন আবহে কাশির্য়াংয়ের বিজেপি বিধায়ক নিজের দাবিতে অনড় থাকায় পাহাড়ের ভোট নিয়ে উদ্বেগ বাড়ছে বিজেপির অভ্যন্তরে।