
শেষ আপডেট: 28 August 2023 13:46
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়া জোটের বৈঠকে (India meeting) যোগ দিতে বুধবার মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ দাঁড়িয়ে তাঁর সন্দেহের কথা জানালেন দিদি। তাঁর কথায়, “দুদিন বাদে লোকসভা ভোট রয়েছে। আমার তো সন্দেহ যে ডিসেম্বরে ওরা ভোট করে দিতে পারে। জানুয়ারিতেও হতে পারে। ওদের কোনও বিশ্বাস নেই!” (BJP may prepone Lok Sabha poll)
অনেকের মতে, মমতার এ কথা বলার দুটো কারণ থাকতে পারে। এক, তিনি দলের নেতা কর্মীদের এখন থেকে লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে বলছেন। দুই, তিনি সত্যিই হয়তো আশঙ্কা করছেন যে লোকসভা ভোট এগিয়ে আনতেই পারে বিজেপি। কারণ, অতীতেও বিজেপি তথা এনডিএ সরকার তা করেছে।
লোকসভা ভোটের আগে চার রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড় ও তেলেঙ্গানা। কিন্তু এই চার রাজ্যেই বিজেপি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। মধ্যপ্রদেশে প্রবল প্রতিষ্ঠান বিরোধিতায় ভুগছে শিবরাজ সিং সরকার। আবার রাজস্থান ও ছত্তীসগড়ে বিজেপি সাংগঠনিক ভাবেই দুর্বল হয়ে পড়েছে। রাজ্যে ওজনদার মুখ নেই। তেলেঙ্গানায় এমনিতেই দুর্বল গেরুয়া শিবির।
অতীতে বাজপেয়ী জমানায় একবার ভোট এগিয়ে এনেছিল বিজেপি। ২০০৩ সালে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়—এই তিন রাজ্যেই ক্ষমতাসীন কংগ্রেসকে পরাস্ত করে বিজেপি ক্ষমতা দখল করেছিল। সেই ফলাফল দেখে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এত উৎসাহী হয়ে যান যে তাঁরা মনে করেন লোকসভা ভোটে তাঁরা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন। ডিসেম্বরে তিন রাজ্যের ভোটের ফল প্রকাশের পর জানুয়ারি মাসে হায়দরাবাদে বিজেপির কর্মসমিতির বৈঠক ডাকা হয়। তার পর লোকসভা ভোট এগিয়ে আনা হয় এপ্রিলে। তবে সে ভোটের ফলাফল বিজেপির জন্য ভাল হয়নি।
মমতা এদিন দল ও রাজ্যকে সতর্ক করে এও বলেন, মনে রাখতে হবে যে ২০২৪ সালে বিজেপি ফের ক্ষমতায় ফিরলে অনর্থ হয়ে যাবে। দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না। পুরোপুরি স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়ে যাবে ভারতে।
‘পুলিশ টাকা খাচ্ছে আর মুর্শিদাবাদের মানুষ পেটের দায়ে এজেলা ওজেলায় বোমা বাঁধছে’, আক্ষেপ অধীরের