
শেষ আপডেট: 26 July 2023 12:57
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পঞ্চায়েত নির্বাচন মিটলেও সংঘাত কমছে না। কার অনুমতিতে বাড়িতে ভাড়াটিয়া! জানতে চেয়ে বিজেপি নেতাকে (BJP Leader) পঞ্চায়েত অফিসে দেখা করার নির্দেশ বিদায়ী প্রধানের। এই নিয়েই শোরগোল পড়ল চণ্ডীতলায়। বাড়িতে কোনও ভাড়াটিয়া (Tenant Issue) থাকে না, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি, শাসকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপি নেতা দেবব্রত ঘোষের।
বিদায়ী পঞ্চায়েত প্রধান মিথ্যা অভিযোগ এনে ২৮ শে জুলাই পঞ্চায়েত অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন তাঁকে। তিনি বলেন, “আমাকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা আছে ব্যবসায়িক উদ্দেশে বসতবাড়িতে ভাড়াটিয়া রেখে মুনাফা অর্জন করছি এবং তার জন্য কোনও বৈধ অনুমতি আছে কিনা পঞ্চায়েত জানতে চায়। আমি বিজেপি করি, তাই এই মিথ্যে অভিযোগ আনা হয়েছে।”
দেবব্রতবাবু জানান, তাঁর বাড়িতে কয়েক জন মানুষকে আশ্রয় দিয়েছেন তিনি। ইলেকট্রিক বিল বাবদ যেটুকু খরচ হয় সেটাই তারা দেন। পুরো বিষয়টি রাজ্য সভাপতি সুকান্ত মুজুমদারকে জানানো হয়েছে।
বিদায়ী পঞ্চায়েত প্রধান সঞ্জিত দাড়ি অবশ্য বলেন, “এখানে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। উনি বৈধভাবে ব্যবসা করছেন কিনা তা পঞ্চায়েত জানতে চায়। সে কারণেই পঞ্চায়েতের পক্ষ থেকে বৈধ নথি নিয়ে তাকে দেখা করতে বলা হয়েছে।” নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেও বোর্ড গঠন আটকে রয়েছে কোর্টের নির্দেশে। সেই সময় শাসকদলের বিদায়ী প্রধানের এমন চিঠি ঘিরে সাড়া পড়ল এই এলাকায়।
আরও পড়ুন: মানিকের বিরুদ্ধে ৯৯ পাতার এফআইআর সিবিআই-এর, 'ডিজাইনড কোরাপশন' বলে উল্লেখ বিচারপতির