দ্য ওয়াল ব্যুরো: ফের গোলাগুলিতে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। রবিবার রাতে টিটাগড়ে বিজেপি পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতা মণীশ শুক্ল। জানা গিয়েছে তাঁর শরীরে একাধিক বুলেট বিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মণীশকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মণীশকে গুলি করেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
জানা গেছে, মোট চারটি গুলি লাগে শুক্লর। টিটাগর থানার ঢিলছোড়া দূরত্বে এই শুট আউটের ঘটনায় উত্তপ্ত এলাকা। প্রতিবাদে অবরুদ্ধ বিটি রোড। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স।
টিটাগড় থেকে ইছাপুর পর্যন্ত মণীশ শুক্লর দাপট রয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। বাম জমানার শেষ দিকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ ভোট ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। চলেছিল গুলিও। সেই সময় থেকেই ব্যারাকপুরের রাজনীতিতে মণীশ পরিচিত নাম।
শিল্পাঞ্চলের জনতা তাঁকে অর্জুন সিংয়ের লোক হিসেবেই জানেন। অর্জুন বিজেপি-র সাংসদ হওয়ার পর গত বছর জুন মাসে মণীশ বিজেপিতে যোগ দেন।
লোকসভার পর থেকেই উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এমন হয় যে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বদলি করে নবান্ন। মাঝে কয়েক মাস বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এদিন ফের উত্তেজনা ছড়াল টিটাগড়ে।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলে থাকার সময়ে মণীশ শুক্ল যে গোষ্ঠীর বিরোধী ছিলেন তারাই হামলা চালিয়েছে। যদিও শাসকদলের বক্তব্য, যা ঘটেছে সবটাই বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। রাত পৌনে দশটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।