
শেষ আপডেট: 18 March 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় নিরীহ মানুষের প্রাণ যাওয়ায় বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) গ্রেফতার করল পুলিশ।
তাঁকে দিল্লির উপকণ্ঠে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। সেই সময়েই তাঁকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করেছে।
আসানসোলে কম্বল বিতরণে পদপিষ্ট হওয়ার ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। ওই কম্বল বিতরণের ঘটনায় প্রধান অতিথি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর ওই ঘটনা ঘটে।
এদিন জিতেন্দ্রকে গ্রেফতার করার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন তাঁকে দিল্লি বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এদিন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, "প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে। এটা গ্রেফতার করার মতো ঘটনা নয়।"
প্রসঙ্গত, আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় মর্মান্তিক হলে পরদিন এর সমালোচনা করেছিলেন দিলীপবাবু। তিনি বলেছিলেন, এ ভাবে কম্বল বিতরণ করে গরিবের কোনও উপকার হয় না। এ সব করা ঠিক নয়।
চৈতালি তিওয়ারির বিড়ম্বনা বাড়ল, কম্বল কাণ্ডে জামিনের আর্জি খারিজ