
শেষ আপডেট: 1 September 2022 18:18
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষ কি শিলাজিতের (Silajit) গান শোনেন? দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি শিলাজিতের ফ্যান?
অনেকবছর আগে বাংলা গানের ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন শিলাজিৎ। লিখেছিলেন, 'তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে।' কার্যত শিলাজিতের সেই গানকে উদ্ধৃত করেই দিলীপ ঘোষ বললেন, 'ঘুম পেয়েছে বাড়ি যাও। অনেকদিন সরকার করেছ। এরপর বিজেপি (BJP) লাইনে আছে।'
প্রসঙ্গত, শিলাজিৎ এমন একজন গায়ক যাঁকে কোনও রাজনৈতিক দলের তকমা দেওয়া যায় না। তিনি এসএফআইয়ের কলেজ ফেস্টে যেমন গান গেয়েছেন, তেমনই টিএমসিপির কলেজ ফেস্টেও গান গেয়েছেন। শিলাজিৎ রাজনীতি বিমুখ, কিন্তু তাঁর গানে স্পষ্ট রাজনীতি রয়েছে। কবীর সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তীর পর শিলাজিৎ মজুমদারই একমাত্র গায়ক, যাঁর গানের ছত্রে ছত্রে রাজনীতির খোঁজ মিলেছে। এখন সেই শিলাজিতের গানকে উদ্ধৃত করলেন দিলীপ ঘোষ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, দিলীপ ঘোষ কি শিলাজিতের ফ্যান?
সেই ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি। তবে দিলীপ ঘোষ তো নিজের মতো করেই কথা বলেন। কখনও আবার সিনেমার সংলাপ, গানের লাইনও শোনা যায় তাঁর কথায়। অনেকেরই ধারণা, সেভাবেই হয়ত 'ঘুম পেয়েছে বাড়ি যা' গানটি তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করেছেন দিলীপ ঘোষ।
মমতার নির্দেশের পরেও জুনের কাছে শ্রীকান্তর ফোন আসেনি, মন্ত্রীর ব্যাখ্যা কী?
এদিন দিলীপ বলেন, 'মহারাষ্ট্রে আড়াই বছর পর আমাদের সরকার হয়ে গেল। আমি বলছি, এখানেও তো দেড় বছর হয়ে গেল। এবার বাড়ি যান। বিজেপি লাইনে রয়েছে। নির্বাচন আর করতে হবে না, এমনিই সরকার গঠন হয়ে যাবে। আমাদের যে কটা এমএলএ ওইদিকে গেছে, দেখবেন সুদ সমেত চার-পাঁচটা সঙ্গে নিয়ে আসবে।'
এরপর ইডি-সিবিআই নিয়ে রীতিমত হুঁশিয়ারি দেন দিলীপ। বলেন, 'আপনি ভাববেন না সিবিআই আর ইডি পুজোটাও শান্তিতে দেখতে দেবে। দুর্গাপুজোয় বউ-বাচ্চা নিয়ে গাড়ি চেপে ঘুরতে হবে না। ডাক পড়বে জেরার জন্য। ভগবান না করুক, হয়ত দুর্গাপুজোটা সেন্ট্রাল জেলে বসে দেখতে হবে। প্যান্ডেলে তো যেতেই পারবেন না, ঘরে বসে টিভিতেও দেখতে পাবেন না দুর্গাপুজো।'