
শেষ আপডেট: 19 April 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরামবাগের তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)-কে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ উঠল এক বিজেপি নেতার (BJP leader) বিরুদ্ধে। ঘটনার পরেই চন্দননগর কমিশনারেটের কাছে অভিযোগ জানান অপরূপা। সাংসদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে বিজেপি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ অপরূপা পোদ্দারের হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে হুমকি মেসেজ আসে। তাতে একটাই বাক্য লেখা ছিল- 'তুই বাঁচবি তো?' এরপরই জীবনহানির আশঙ্কায় চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসে ছোটেন সাংসদ। অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। তদন্তে নেমে অম্লান দত্ত নামে এক সক্রিয় বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, গত পুরভোটে বৈদ্য়বাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। তৃণমূল জানিয়েছে, অম্লান দত্ত ওরফে শঙ্কু সক্রিয় বিজেপি নেতা। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর অপরূপা পোদ্দার জানিয়েছেন, 'বিজেপির এই ভয় দেখানোর চেষ্টা বৃথা। কোনও লাভ হবে না। এই অম্লান দত্তের মাধ্য়মে বিজেপি আমাকে টার্গেট করেছে। আমি এঁদের ভয় পাই না।'
উল্লেখ্য, দিনকয়েক আগেই বালুরঘাটে বিজেপি থেকে তৃণমূলে ফেরা কয়েকজনকে দণ্ডি কাটানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আরামবাগের সাংসদ। বলেছিলেন, 'দলের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কেউ যদি কোনও ভুল করে থাকে তবে তাঁকে দলে ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে। একুশের ভোটের পর যারা বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন, তাঁরাও নিজেদের ইচ্ছায় প্রায়শ্চিত্ত করে দলে ফিরেছেন।'
মুকুল রায় কি মুখে চুষিকাঠি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন! এসব আবর্জনা আর চাই না: দিলীপ