
শেষ আপডেট: 9 May 2023 15:57
দ্য ওয়াল ব্যুরো: দিগন্তবিস্তৃত বিজ্ঞানের মাঝে অপার সাহিত্য চর্চা। ২৫ বৈশাখ সন্ধ্যায় এমনটাই দেখল সায়েন্স সিটি (BJP Cultural Programme at Science City)। রবীন্দ্র সাহিত্য, স্বাধীনতা আন্দোলনে কবিগুরুর ভূমিকা, গুজরাতের সঙ্গে তাঁর যোগ, আইনস্টাইন-মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্ক, মুক্ত পরিবেশে শিক্ষার রবীন্দ্র চেতনা—বলে গেলেন, বলেই গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথের (Rabindra Nath) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তারপর চলে গিয়েছিলেন পেট্রাপোলে বিএসএফের কর্মসূচিতে। সেখান থেকে ফিরে সায়েন্স সিটিতে ‘খোলা হাওয়ার’ আয়োজনে রবি প্রণাম অনুষ্ঠানে যোগ দেন শাহ।
সেখানে তিনি বলেন, গুজরাতের সঙ্গে রবীন্দ্রনাথের নিবিড় যোগ ছিল। গুজরাতি সাহিত্যের সঙ্গেও তাঁর সম্পর্ক সুবিদিত। আমদাবাদে গিয়ে রবীন্দ্রনাথের থাকা, কীভাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর বাল গঙ্গাধর তিলকের লেখার বাংলা অনুবাদ করে মারাঠা ও গুজরাতি সাহিত্যের সঙ্গে ভাষার সেতুবন্ধন করে দিয়েছিলেন তাও উল্লেখ করেন শাহ।
সরাসরি রাজনীতির কথা এদিন বলেননি শাহ। তবে অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রবীন্দ্রনাথকে বাংলা ও বাঙালির গর্ব হিসাবে দেখাতে চেয়েছিলেন পাল্টা অমিত শাহ দেখাতে চাইলেন, রবীন্দ্রনাথকে ভৌগোলিক সীমা দিয়ে মাপা যায় না। তিনি সমগ্র দেশের। বিশ্বেরও।
আন্তর্জাতিক ক্ষেত্রে কবিগুরুর প্রভাবের কথা বোঝাতে শাহ এদিন রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের সম্পর্কের কথাও তুলে ধরেন। সেইসঙ্গে তিনি উল্লেখ করেন, আইনস্টাইনকে যখন জার্মানি ছাড়তে হয়েছিল তখন রবীন্দ্রনাথ কীভাবে গর্জে উঠেছিলেন।
মঙ্গলবার তৃণমূলের সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহের শান্তিনিকেতন বিভ্রাট নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছিল। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন, অমিত শাহ আগেরবার শানিনিকেতনে এসে বলেছিলেন, রবীন্দ্রনাথের জন্মস্থান। এবার জোড়াসাঁকোয় গিয়ে নিশ্চয়ই শিক্ষালাভ করেছেন! অন্যদিকে ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কটাক্ষের সুরে বলেন, ‘না জেনে অনেকে শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থানও বলে দিতে পারেন!’
এদিন সায়েন্স সিটির ‘খোলা হাওয়া’য় প্রসঙ্গ উল্লেখ না করেও অমিত শাহ দাবি করেছেন শান্তিনিকেতন সম্পর্কে তাঁরা জানা বোঝা রয়েছে। সেইসঙ্গে তিনি এও বলেন, ‘শান্তিনিকেতনে যে প্রয়োগ করেছিলেন কবিগুরু তা সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার পথ হওয়া উচিত। রবীন্দ্রনাথ মাতৃভাষায় শিক্ষার কথা বলেছিলেন। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষার বিষয়ে জোর দিয়েছেন।’
গান্ধীজি ও বিশ্বকবির সম্পর্কের কথা উল্লেখ করে শাহ বলেন, ‘অসহযোগ আন্দোলন, নেতাজিকে কংগ্রেস সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া—এই সমস্ত ইস্যুতে রবীন্দ্রনাথ ও গান্ধীজির মতান্তর ছিল। কিন্তু কখনও দু’জনের মনান্তর হয়নি।’
তবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে অমিত শাহের ভাষণে রবীন্দ্র আবহে থাকলেও বাইরে যেন বিজেপির গীতবিতানের সুর কেটে গেল। গেরুয়া শিবিরের দু’পক্ষের কর্মীদের হাতাহাতিতে বাইরে অশান্তি ছড়ায়। পরে অবশ্য সবটা ঠান্ডা হয়ে যায় বলে খবর।