
শেষ আপডেট: 6 July 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: অগ্নিমূল্য বাজার দর। শাক সবজি থেকে শুরু করে আদা, লঙ্কা এমনকি রসুন, উচ্ছে, বেগুন, সব আনাজের দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে হাত পুড়ছে সকলেরই। পঞ্চায়েত ভোট প্রচারের শেষ বেলায় বাজারের এই ‘সেন্টিমেন্ট’কে ১৬ আনা কাজে লাগাতে গলায় সবজির মালা পরে দুর্গাপুরে জনতার দুয়ারে দেখা গেল বিজেপি প্রার্থীদের। অভিনব এই প্রচারকে কেন্দ্র করে মানুষের কৌতূহলও ছিল চোখে পড়ার মতো।
এদিন দুর্গাপুরের অন্ডালের উখরা বাজারে হাজির হয়েছিলেন বিজেপির জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীরা। প্রার্থীদের গলায় আদা, কাঁচা লঙ্কা, বেগুন, উচ্ছের মালা! যা দেখে, বাজারে আগত মানুষজন কৌতূহলী হয়ে পড়েন। ভিড় বাড়তে শুরু করে বিজেপি প্রার্থীদের ঘিরে। গলায় আনাজের মালা পরে ভোট ভিক্ষা চাওয়ার পাশাপাশি তাঁরা বোঝালেন, এবারে কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত। বিজেপি প্রার্থীদের শেষ বেলার এই অভিনব ভোট প্রচারকে ঘিরে কৌতূহলী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপির অভিযোগ, বাজার জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কালোবাজারিরা। অথচ নিয়ন্ত্রণ নেই সরকারের। বাজারে গিয়ে তার খেসারত ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।
জেলা বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায় বলেন, “বালি, কয়লা, লোহা চুরির পর এবার ভোটের খরচা তুলতে পুলিশকে কাজে লাগিয়ে শাসক দলের নেতারা বাজার দর অগ্নিমূল্য করে দিয়েছে। ফলে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বর দাবি, “ভোটের আগে বিজেপি নাটক করছে। তবে ভোট শেষে, শেষ হাসি তৃণমূলই হাসবে।”
বিজেপি প্রার্থীদের শেষ বেলার এই অভিনব ভোট প্রচারকে কেন্দ্র করে তৈরি হওয়া মানুষের ভিড় আদতে ভোট বাক্সে কতখানি প্রতিফলিত হল, সময়েই মিলবে তার উত্তর।
আরও পড়ুন: বাক্স, প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন, রাজ্যপালকে হুঁশিয়ারি কুণালের