'জেনুইন ভোট হলে আমি জিতব', সকাল থেকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী
দ্য ওয়াল ব্যুরো: অধিকাংশ বুথেরই যখন দরজা খোলেনি তখন থেকেই ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur Bypoll) পৌঁছে গিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট দেবেন সেই মিত্র ই
শেষ আপডেট: 30 September 2021 02:48
দ্য ওয়াল ব্যুরো: অধিকাংশ বুথেরই যখন দরজা খোলেনি তখন থেকেই ভবানীপুর কেন্দ্রে (Bhawanipur Bypoll) পৌঁছে গিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট দেবেন সেই মিত্র ইনস্টিটিউশনে সকাল থেকেই দেখা যায় তাঁকে। ভোটের প্রচারে ঝড় তুলেছেন, ভোটযুদ্ধে সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন প্রিয়ঙ্কা।
বিজেপি প্রার্থী এদিন বলেন, "জেনুইন ভোট হলে আমি জিতব। তবে শাসক দল গুণ্ডামি করতে পারে বলে আশঙ্কা করছি।" পাশাপাশি ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। প্রিয়ঙ্কার দাবি, ১২৪ নম্বর বুথে বিকল ভিভিপ্যাট। মকপোল শুরু হয়নি। তবে ইভিএম কারচুপির অভিযোগ অস্বীকার করেছে কমিশন। জানানো হয়েছে, ইভিএম বিভ্রাটের কোনও ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ভোট শুরুর অনেক আগে থেকেই ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডে, বুথে বুথে ঘুরছেন প্রিয়ঙ্কা। ভোটারদের বলেছেন, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোট দিন। মানুষ চাইলে নন্দীগ্রামে যা হয়েছে, ভবানীপুরেও তাই হবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ভবানীপুরের প্রায় ১০০ শতাংশ বুথেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। কেন্দ্রের সব বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার। কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ভবানীপুরের বুথে বুথে। বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হয়েছে। থাকছে, ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। মোবাইল ভ্যান থাকছে ২৩টি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'