
শেষ আপডেট: 4 April 2022 09:53
দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের মাথায় ফের বাংলায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এ মাসের শেষ নাগাদ একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তাঁর কলকাতায় আসার কথা। কাছাকাছি সময়ে রাজ্য বিজেপির (BJP) নবান্ন অভিযানের ডাক দেওয়ার ভাবনাচিন্তা চলছে। এ মাসেই ২০ ও ২১ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হবে রাজ্যের শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ওই সময় দেশ বিদেশের শিল্পপতিদের শহরে থাকার কথা।
আরও পড়ুন: ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে তাড়া করলেন আইআইটি ইঞ্জিনিয়ার
বিজেপি সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চেষ্টা চালাচ্ছেন কলকাতা সফরের সময় অমিত শাহকে বগটুই গ্রামে নিয়ে যেতে। তবে, অমিত শাহের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।
শুধু অমিত শাহ নয়, এ মাসেই বাংলায় আসছেন দুই শীর্ষ বিজেপি নেতা জেপি নাড্ডা ও দলের কেন্দ্রীয় সম্পাদক বিএল সন্তোষ। তাঁরা রাজ্য বিজেপির কর্ম সমিতির বৈঠকে যোগ দেবেন। রাজ্য বিজেপি নেতারা দলীয় সভাপতিকেও বগটুই নিয়ে যেতে চাইছেন। ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সর্বভারতীয় সভাপতিকে রিপোর্ট দিয়েছে।
গত বছর ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর অমিত শাহ টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। তার ক' দিন আগে বাংলায় প্রচার সেরে দিল্লি ফিরে যান। তারপর আর বাংলামুখো হননি তিনি। এর মধ্যে বাংলায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা ঘুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও দুর্যোগ মোকাবিলার বিষয়টি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। কিন্তু তিনি বাংলামুখো হননি।
যদিও দিল্লিতে বসে বাংলার নেতাদের নানা বিষয়ে পরামর্শ দিয়ে চলেছেন। প্রায় বছর ঘোরার মুখে এবার তিনি বাংলায় আসছেন। ইতিমধ্যে বগটুই নিয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছেন সুকান্ত মজুমদার।
তৃণমূলও তাঁকে বীরভূমের ঘটনা বিশদে জানিয়ে বলেছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কিন্তু বিজেপির বক্তব্য, ওই ঘটনা বিজেপির এতদিনের অভিযোগের জ্বলন্ত প্রমাণ। অমিত শাহ বারেবারেই অভিযোগ করেছেন, বাংলায় তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে। বগটুই নিয়ে অমিত শাহকে এই বিষয়টি জানিয়ে তাঁকে রামপুরহাট যাওয়ার আর্জি জানিয়েছেন সুকান্তবাবু। বিজেপির একাংশ মনে করছে, কেন্দ্রীয় নেতারা আসা শুরু করলে বাংলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বেও লাগাম দেওয়া যাবে।