
শেষ আপডেট: 5 February 2021 12:21
প্রত্যাশা মতোই ভোটের আগে চার মাসের ভোট অন অ্যাকাউন্টে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী। কিন্তু সে বাজেট ঘোষণার আগে গোড়াতেই তুমুল অশান্তি ও বিক্ষোভের পরিবেশ তৈরি হয় বিধানসভায়। বাম ও কংগ্রেস আগেই ওয়াকআউট করেছিল বাজেট থেকে, এদিন বেরিয়ে যায় বিজেপিও। ফলে চরম বিশৃঙ্খলতার পরে কার্যত বিরোধীশূন্য বিধানসভায় বাজেট পড়লেন মুখ্যমন্ত্রী।
মমতার বাজেট পেশের গোড়াতেই বিজেপি বিধায়করা হই-হট্টগোল শুরু করেন বিধানসভায়, তাঁরা ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান। মূলত বিজেপি নেতা মনোজ টিগ্গার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। এমনকি বিধানসভার ভিতরেই ওঠে জয় শ্রীরাম ধ্বনি। অভিযোগ ওঠে, মমতা ভোটের আগে পরিকল্পনা মতোই নিয়মবহির্ভূত ভাবে নিজে বাজেট পড়ছেন।
স্পিকার বিমানবাবু বারবার শান্ত হওয়ার আর্জি জানালেও তাঁরা বিক্ষোভ চালিয়ে যান। মনোজ টিগ্গাকেও বারবার হুঁশিয়ারি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে শুরু করতেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ফলে কিছু সময় বাজেট-পাঠ থামিয়ে রাখতে হয় মুখ্যমন্ত্রীকে।
মুখ্যমন্ত্রী বলেন, বাজেট পেশের সময়ে এই ধরনের বিশৃঙ্খলা কেউ করেন না। কিন্তু বিজেপির এই সদস্যরা কিছু জানেন না। তাঁর কথায়, "আমি নিজেই ৫টা রেল বাজেট পেশ করেছি। বাজেটে সময়ে কেউ কোনও কথা বলে না। আমরা তো বলছি তর্ক করুন, আলোচনা করুন। তা না করে ৪-৫ জন মিলে বিধানসভাতেই এই অবস্থা তৈরি করেন, তাহলেই বুঝতে পারছেন কী অবস্থা হবে।"
এর পরে অবশ্য পুরো বাজেটই পাঠ করেন তিনি। স্বাস্থ্য থেকে কৃষি, পরিবহণ থেকে শিক্ষা-- সমস্ত ক্ষেত্রে একাধিক মুক্তহস্ত প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।