
শেষ আপডেট: 4 July 2022 14:49
দ্য ওয়াল ব্যুরো: নির্মল মাজির বক্তৃতার ক্ষত এখনও দগদগে। যে বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল রামকৃষ্ণ মিশনও। নির্মল মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার নির্মলকে যেন ছাপিয়ে যেতে চাইলেন একুশের ভোটে বাগদা বিধানসভায় বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)।
রবিবার বাগদায় একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি রানি রাসমণির (Rani Rasmoni) ছায়া দেখতে পাই।” তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর শ্রেণির মানুষ, গরিব মানুষেত্র জন্য যে কাজ করেছেন তার জন্য আগামী ১০০ বছর রানি রাসমণির মতো মানুষের মনের মণিকোঠায় থেকে যাবেন।
বিশ্বজিতের এ হেন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, “একেই বলে শিক্ষার অভাব। আসলে বিশ্বজিৎ দাস বিজেপির হয়ে জিতে তৃণমূলে গিয়েছেন। ওই দলে এখন লাস্ট বেঞ্চে বসে রয়েছেন। তাই ফাস্ট বেঞ্চে আসার জন্য এসব বলছেন।”
নির্মলের বক্তব্যকে ভাল ভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসও। অনেকের মতে, যে ভাবে নির্মল স্তুতি গাইতে গিয়ে বেঁফাস মন্তব্য করেছেন এবং রামকৃষ্ণ মিশন প্রতিক্রিয়া জানিয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাল ভাবে নেননি। দলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করেই বলেছেন, নির্মলের ওই কথা আসলে নির্লজ্জ চাটুকারিতা। তারপর থেকে প্রকাশ্যে কোনও সভাসমিতিতেও ডাক্তার নেতাকে দেখা যাচ্ছে না। সেই অস্বস্তি থিতু হওয়ার আগেই আবার নতুন বিতর্ক তৈরি করে দিলেন বাগদার বিশ্বজিৎ।