
শেষ আপডেট: 13 December 2022 14:09
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গ্রামে এসেছে বাইসন (Bison)। প্রবল কৌতুহলে তাকে দেখতে গিয়ে গুঁতো খেয়ে জখম হলেন এক বৃদ্ধা (Injured Old Lady)। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায়।
স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার ডায়নার জঙ্গল থেকে হঠাৎই একটি বাইসন কলাবাড়ি লালস্কুল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। বাইসনটি দাপিয়ে বেড়াতে থাকে। এদিকে গ্রামে বাইসন আসার খবর পেয়ে দেখার জন্য ভিড় করে সকলে। সেই দলে ছিলেন আসরি ওরাও নামে বছর ষাটেকের এক মহিলা। সেইসময় হঠাৎই বাইসন ছুটে এসে ওই বৃদ্ধাকে গুঁতো মারে। তাতে গুরুতর জখম হন তিনি। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাইসনের তাণ্ডবের খবর পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায়। এদিকে আহত মহিলাকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক হাসপাতালে পাঠান স্থানীরা।
রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান, ডায়নার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছিল বাইসনটি। তার হামলায় এক বৃদ্ধা যখম হয়েছেন। আহতের চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। পরে বাইসনটিকে ফের ডায়নার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।