
শেষ আপডেট: 22 March 2022 13:06
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই গ্রেফতারির বিরুদ্ধে গর্জে উঠলেন খোদ ভাদু শেখের স্ত্রী (birbhum violence)। চিৎকার করে তিনি ওই ১৫ জন ধৃতের মুক্তির দাবি জানিয়েছেন। বলেছেন, ওরাই ভাদুকে নিয়ে হাসপাতালে ছুটেছে, ওরা ভাল মন্দ কিছুই জানে না। আমাদের ওই ১৫টা ছেলেকে ছাড়তে হবে।
ভাদু নব্য, সঞ্জু আদি তৃণমূল, ‘বালি-পাথরের’ বখরা নিয়েই কি ঝগড়া ছিল তাঁদের
যারা ভাদু শেখের মৃত্যুর জন্য দায়ী, সেই আসল দোষীদের কঠোর শাস্তি দেখতে চেয়েছেন ভাদুর স্ত্রী। ক্যামেরার সামনে দাবি করেছেন, তিনি তাঁর চোখের সামনে ওই দোষীদের ফাঁসি দেখতে চান। কিন্তু গ্রেফতার যাদের করা হয়েছে তারা নির্দোষ, দাবি করেছেন ভাদুর স্ত্রী।
শুধু তাই নয়, এদিন অনুব্রত মণ্ডল, ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার পর ভাদু শেখের স্ত্রী জানিয়েছেন, ১৫ জন ধৃতকে না ছাড়লে তিনি স্বামীর কবরে মাটি দেবেন না। তাঁর অনাথ ছেলেদের দায়িত্ব এখন কে নেবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ভাদু শেখের মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ রামপুরহাট। রাতে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পুড়েই মারা যান অন্তত ১০ জন। এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তিন সদস্যের সিট গঠন করেছে নবান্ন।