
শেষ আপডেট: 26 September 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: শ্রমিক মালিক অসন্তোষের জেরে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিন আচমকা বন্ধ হয়ে গিয়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল (Bhatpara Reliance Jute Mill)। ঘটনার জেরে দুর্গা পুজোর মুখে আতান্তরে পড়েছিলেন শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা। অবশেষে দু’পক্ষের আলোচনায় কাটল জট।
মঙ্গলবার থেকে শুরু হল কারখানার রক্ষণাবেক্ষণের কাজ। আগামীকাল বুধবার থেকে সম্পূর্ণরূপে চালু হবে উৎপাদন প্রক্রিয়া। এদিন এক সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছেন কারখানার ভাইস প্রেসিডেন্ট প্রবীন্দ্র কুমার পান্ডে। তিনি বলেন, “আলোচনার মাধ্যমে মীমাংসা বেরিয়েছে। বুধবার থেকে পুরো দমে কারখানার কাজ চালু হবে।”
জানা গেছে, সম্প্রতি মিলের (Bhatpara Reliance Jute Mill) এক শ্রমিকের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ হয়। আর সেই বিবাদ থেকে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত। অভিযুক্ত শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। যদিও পরে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল বলে শ্রমিকদের দাবি।
জানা গিয়েছে, ওই ঘটনাকে কেন্দ্র করেই গত সপ্তাহে নতুন করে গোলমাল তৈরি হয়। অভিযুক্ত ওই শ্রমিককে কাজে যোগ দিতে বাধা দেয় মিল কর্তৃপক্ষ। তা নিয়েই দু’তরফের মধ্যো বচসা শুরু হয়। এরপরই শ্রমিকরা কারখানার সমস্ত রকম উৎপাদন বন্ধ করে মিল থেকে বেরিয়ে যায়। পাল্টা হিসেবে শ্রমিকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সবমিলিয়ে পুজোর মুখে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আতান্তরে পড়েছিলেন শ্রমিকেরা।
আরও পড়ুন: ধনকড়ের পথে হাঁটলেন রাজ্যপাল বোস, তবু জটে আটকে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান