
শেষ আপডেট: 24 September 2022 13:34
দ্য ওয়াল ব্যুরো: আরও একবার বিদেশের মাটিতে চমকে দিল দেশের পড়ুয়ারা। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট সংস্কৃত উচ্চারণে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিল ১৫০০ ভারতীয় পড়ুয়া। (Bhagavad Gita in Texas)
প্রাচীন ভারতের 'শ্রীমৎ ভাগবত গীতা' আমাদের ‘মহাভারত’ মহাকাব্যের ভীষ্ম পর্বের একটি অংশ। গীতা-র কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং। ভক্তরা বিশ্বাস করেন স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীই সংকলিত রয়েছে ভাগবত গীতার শ্লোকগুলিতে। ৭০০ শ্লোকের সংকলন এই ধর্মগ্রন্থ আজও এদেশের সর্বাধিক বিক্রিত বইগুলির অন্যতম।

এ হেন শ্রীমৎ ভাগবত গীতাই এবার বাজিমাত করল টেক্সাসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি আয়োজন করা হয়েছিল 'গীতা সহস্রাগালা' (Gita Sahasragala) নামক এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিল গীতাপাঠ। এক আকাশের নীচে একসঙ্গে ভাগবত গীতার শ্লোক পাঠ করলেন প্রশিক্ষণপ্রাপ্ত ৭০০ জন পণ্ডিত, তাঁদের সঙ্গ দিলেন ১,৫০০ জনেরও বেশি পড়ুয়া। (Bhagavad Gita in Texas)
গত ১৩ আগস্ট টেক্সাসের ডালাসে অবধূত দত্ত পীঠম দ্বারা আয়োজিত ওই ইভেন্টে পড়ুয়ারা এই বিরল কৃতিত্বের প্রদর্শন করে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে এই ঘটনা। ডালাসের অ্যালেন ইভেন্ট সেন্টারে শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামীর উপস্থিতিতে সমগ্ৰ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রসঙ্গত, এর কিছুদিন আগেই গত ১৩ আগস্ট, ২০২২ দিনটিকে 'গীতা সহস্রগালা দিবস' হিসেবে ঘোষণা করেছিলেন ফ্রিস্কো শহরের মেয়র।

ভারতীয় জনতা পার্টির তরফে একটি বিবৃতিতে ভূয়সী প্রশংসা করা হয় এই ঘটনার। বলা হয়, ইতিহাস সৃষ্টিকারী এই ঘটনা বিদেশের মাটিতে দেশের, তথা সনাতন ধর্মের মুখ উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং চিঠি লিখে অনুষ্ঠানের উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা গণপতি সচ্চিদানন্দ স্বামী আমেরিকার ফ্রিস্কোতে কার্যসিদ্ধি হনুমান মন্দিরের প্রতিষ্ঠাতা। পাশাপাশি 'গীতা মহাযজ্ঞ' কর্মসূচির আয়োজনও করেন তিনি। সঠিকভাবে সংস্কৃত পাঠ এবং উচ্চারণের প্রতি আজকের প্রজন্মকে আগ্রহী করে তোলাও এই ইভেন্টের অন্যতম লক্ষ্য।