
শেষ আপডেট: 30 March 2022 03:58
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখ (Bhadu Sheikh) খুনের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে মোট তিনজনকে গ্রেফতার করল বীরভূম পুলিশ। মালদহ, ঝাড়গ্রাম এবং বীরভূম থেকেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, সঞ্জু শেখ, সেরা শেখ এবং রাজা শেখ।
আরও পড়ুন: ছেলেকে বসিয়ে মাছ কিনতে যাচ্ছিলেন মা, মাথায় ভাঙল আস্ত গাছ! হাটের মাঝেই মৃত্যু কিশোরের
গত সোমবার রামপুরহাটে ভরসন্ধ্যায় খুন হয়েছিলেন ভাদু শেখ। কে বা কারা তাঁকে বোম মেরে খুন করেছিল। অভিযোগের তির তৃণমূলেরই অন্য গোষ্ঠীর দিকে। এই খুনের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। সেদিন রাতেই জ্বালিয়ে দেওয়া হয় বগটুই গ্রামের একের পর এক বাড়ি। পুড়ে মারা যান ৯ জন। এখনও সেই হত্যালীলার রেশ কাটেনি। হাইকোর্টের নির্দেশে বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই। তবে ভাদু শেখের খুনের তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই রয়েছে।
এদিকে বগটুই কাণ্ডের তদন্তে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই। লাগাতার তাঁরা জেরা করছেন সন্দেহভাজনদের। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও স্বজনহারাদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।