রানিনগরের কৃষককে খুনের অভিযোগ বাংলাদেশ সীমান্তরক্ষীর বিরুদ্ধে
দ্য ওয়াল ব্যুরো: বর্ডার গার্ড অফ বাংলাদেশের (BGB) বিরুদ্ধে এক ভারতীয় কৃষককে হত্যা করার অভিযোগ উঠল। মৃত ভরত মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তবর্তী রানিনগরে।
নিহত কৃষকের পরিবারের অভিযোগ, শনিবার সকালে নিয়ম মেনে বিএসএফের খাতায়
শেষ আপডেট: 4 October 2021 12:25
দ্য ওয়াল ব্যুরো: বর্ডার গার্ড অফ বাংলাদেশের (BGB) বিরুদ্ধে এক ভারতীয় কৃষককে হত্যা করার অভিযোগ উঠল। মৃত ভরত মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তবর্তী রানিনগরে।
নিহত কৃষকের পরিবারের অভিযোগ, শনিবার সকালে নিয়ম মেনে বিএসএফের খাতায় নাম এন্ট্রি করে সীমান্ত ঘেঁষা চাষের জমিতে গিয়েছিলেন ওই কৃষক। কিন্তু বিকেল হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বিএসএফের পক্ষ থেকে ভরত মণ্ডলের খোঁজে গ্রামে আসেন জওয়ানরা। এই সময় জানা যায়, তাঁকে আটকে রেখেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই কৃষককে ফিরিয়ে আনার জন্য শনিবার রাতেই বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসার উদ্যোগ নেয় বিএসএফ। কিন্তু বিজিবি না আসায় মিটিং হয়নি। রবিবার সকাল থেকে ফের ফ্ল্যাগ মিটিংয়ের চেষ্টা শুরু হয়। তারই মাঝে সকাল দশটা নাগাদ খবর আসে মৃত্যু হয়েছে ওই কৃষকের। পরিবারের দাবি বিজিবি খুন করেছে ভরত মণ্ডলকে।
প্রতিবেশীদের দাবি, বেআইনিভাবে বিজিবি ভারতীয় সীমান্তে ঢুকে ভরত মণ্ডলকে ধরে নিয়ে গিয়েছিল। পরে নিষ্ঠুরভাবে তাঁকে হত্যা করা হয়।
এইভাবে হঠাৎ স্বামীর মৃত্যু হওয়ায় শোকে ভেঙে পড়েছেন স্ত্রী মিনতি। একমাত্র মেয়ে অনবরত কেঁদেই চলেছে। তবে জানা গিয়েছে সীমান্তবর্তী কাতলামারি-২ পঞ্চায়েত এলাকায় এর আগেও এইরকম ঘটনা ঘটেছে। এখানে সীমান্ত সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে।
শোকার্ত পরিজনরা চাইছেন ভরত মণ্ডলের দেহ দ্রুত তাঁদের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু ওই কৃষকের দেহ কবে গ্রামে ফিরবে তা এখনও জানা যায়নি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'