
শেষ আপডেট: 11 September 2023 15:25
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: চোর সন্দেহে এক যুবককে হাত, পা বেঁধে চোখে মুখে নুন ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বহরমপুর থানার (Berhampore PS) পাকুরিয়া বিলেরধার এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এভাবে একাংশ জনতা হাতে আইন তুলে নেওয়ায় বিষয়টি ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি নির্মীয়মান বাড়িতে শ্রমিকরা যখন কাজ করছিল সেই সময় এক যুবক ওই বাড়ির পাশ থেকে জল তোলা পাম্প চুরি করার চেষ্টা করে। সেই সময় বাড়ির শ্রমিকরা তাকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে। তারপর ধৃত যুবকের হাত পা বেঁধে বেধড়ক মারধর চালানো হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধৃত যুবক যাতে কথা না বলতে পারে সেজন্য তার চোখে, মুখে ছিটিয়ে দেয় লঙ্কার গুঁড়ো ও নুন। স্থানীয়দেরই একাংশ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ (Berhampore PS) । অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি থেকে জলতোলা পাম্পের মেশিন চুরি হচ্ছিল। তাঁদের কথায়, “পুলিশে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সেকারণেই এমন মারধর। যাতে ভয়ে আর কেউ না এমন চুরির সাহস দেখায়।” সন্দেহভাজন ওই যুবকের বাড়ি বহরমপুর থানারড় কান্তনগর এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
আরও পড়ুন: ছাত্র অপহরণের কিনারা করল পুলিশ, বোনকে উত্ত্যক্ত করায় তুলে নিয়ে যায় দাদা