
শেষ আপডেট: 10 June 2023 07:58
দ্য ওয়াল ব্যুরো: ৭ দিন দেরি করে অবশেষে মৌসুমী বায়ু প্রবেশ করেছে কেরলে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গেও ঢুকে পড়বে বর্ষা (Bengal monsoon)। রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। ফলে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি মিলেছে। রবিবার থেকে রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলবে তাপপ্রবাহ, জানা গেছে আলিপুর সূত্রে (weather update)।
মৌসম ভবন জানিয়েছে, আজ শনিবার উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করবে। রবিবার উত্তরবঙ্গে আগমন ঘটে যাবে বর্ষার, এমনটাই অনুমান। তার প্রভাবে উত্তরবঙ্গ তো বটেই, রবিবার থেকেই দক্ষিনবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে। বেশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা গেছে, আগামী ১৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পংয়ে। মালদহ এবং দুই দিনাজপুরে শনিবার তাপপ্রবাহ চললেও রবিবার থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। মঙ্গলবার পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া জারি থাকলেও রবিবার থেকেই গাঙ্গেয় উপত্যকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি দুইই থাকবে। রাজ্যের পশ্চিম দিকের বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এই জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টি ক্রমশ বাড়বে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।
আজ শনিবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। শুক্রবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির কারণে এদিন সকালে গরম কম অনুভূত হলেও বেলা বাড়লেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার দুপুরে কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশ।
কালীঘাটের কাকু-সিভিক ভলান্টিয়ার মুখোমুখি, শনিবার ফের তলব রাহুল বেরাকে