দ্য ওয়াল ব্যুরো: আরও বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে জারি হল লুক আউট নোটিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিবাসন দফতর গত শুক্রবার অর্থাৎ ২৪ মে এই নোটিস জারি করেছে। জানা গিয়েছে এর মেয়াদ আগামী এক বছর অর্থাৎ ২০২০ সলের ২৩ মে পর্যন্ত এই লুক আউট নোটিস জারি থাকবে।
স্পষ্ট বলা হয়েছে, এই সময়ের মধ্যে রাজীব কুমার কোনও ভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। বিমানবন্দরে দেখলেই গ্রেফতার করা হবে তাঁকে।
গত শুক্রবার সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার। কিন্তু তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপর বারাসত আদালতে আবেদন জানান তিনি। কিন্তু তখন প্রায় বিকেল গড়িয়ে গিয়েছে। তার উপর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যায়। শুক্রবারই তার রক্ষাকবচের মেয়াদ ফুরিয়েছে। এ বার জারি হল লুক আউট সার্কুলার।
সারদা মামলায় অন্যতম অভিযুক্ত রাজীব। বিধাননগরের পুলিশ কমিশনার থাকার সময়ে তাঁর নেতৃত্বেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিল রাজ্য সরকার। সিবিআই-এর অভিযোগ, ওই তদন্তে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছেন রাজীব। ফোনের কল রেকর্ড বিকৃত করেছেন। রাজীবের সঙ্গেই ওই তালিকায় নাম রয়েছে আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের।
সিবিআই-এর জেরা এবং তারপর সুপ্রিম কোর্টের শুনানিতে হলফনামা ও পাল্টা হলফনামা দেওয়া চলেছে। সিবিআই-এর আইনজীবীরা আর্জি জানান, রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করতে চান তাঁরা। পাল্টা রাজীবের আইনজীবীরা বলেন, সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ করছে। এর মধ্যেই গ্রেফতার না করার রক্ষা কবচ তুলে নেয় সুপ্রিম কোর্ট। এ দিক ও দিক ছুটেও লাভের লাভ কিছু হয়নি রাজীবের। এ বার একেবারে লুক আউট নোটিস।