দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পুলওয়ামায় বৃহস্পতিবার জঙ্গি হামলায় শহিদ হলেন বাংলার যুবক বাবলু সাঁতরা। জইশ ই মহম্মদের করা এই হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। সিআরপিএফের জওয়ান বাবলু তাঁদেরই এক জন। হাওড়ার বাউরিয়ার চককাশী রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলু রেখে গেলেন স্ত্রী ও সাড়ে ছ'বছরের মেয়েকে। সন্ধ্যায় সাঁতরা পরিবার এই চরম দুঃসংবাদ জানতে পারেন।
বৃহস্পতিবার শ্রীনগর-জম্মু হাইওয়ে দিয়ে সিআরপিএফ জওয়ানদের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের কনভয় যাচ্ছিল। ২৫০০ জওয়ানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই কনভয়েই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। প্রথমে সেই কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেনা সূত্রে খবর, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে সিআরপিএফ ট্রাকে। প্রায় ২০০ কেজি বিস্ফোরক ছিল ওই ট্রাকে। জানা গিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল জইশ জঙ্গি আদিল আহমেদ। বছর দেড়েক আগে জঙ্গি সগঠনে যোগ দিয়েছিল আদিল। এই বিস্ফোরণেই নিহত হন ৪৪ জওয়ান। তারপর ছত্রভঙ্গ জওয়ানদের উপর গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। এই হামলার দায় নিয়েছে জইশ।
শুক্রবার কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। সকালেই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।