
শেষ আপডেট: 18 June 2022 11:02
দ্য ওয়াল ব্যুরো: ‘অগ্নিপথ’ (Agnipath) রাজনীতির আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হচ্ছে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) হাসপাতালের বেড থেকে অগ্নিপথ বিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, পিছু না হটার বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার সেনার তিন বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব, ‘অগ্নিপথ’ স্কিমে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিতে হবে। তিন বাহিনীই প্রতিরক্ষামন্ত্রীকে আশ্বাস দিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।
গত মঙ্গলবার রাজনাথ এই প্রকল্পের কথা ঘোষণার সময় বলেছিলেন, এই প্রকল্প দেশের তরুণ সমাজকে সেনায় যোগ দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেবে। প্রতিরক্ষামন্ত্রীর সেই বক্তব্যকেই বাংলায় প্রচারে হাতিয়ার করেছে বিজেপি (BJP)। দলের উদ্যোগে তরুণ ছেলেমেয়েরা টুইটে, ফেসবুকে এই প্রকল্পের পক্ষে সরব হতে শুরু করেছে।
অনেকেই টুকরো ভিডিও আপলোড করেছে। তাদের বক্তব্য, অগ্নিপথ দেশ সেবার স্বপ্নপূরণ করবে। বেশ কয়েকজন তরুণ ভিডিও বার্তায় বলেছে, সেনা বাহিনীতে যোগ দেওয়ার খুবই ইচ্ছে আছে। অগ্নিপথ প্রকল্প সেই রাস্তা খুলে দিল। এজন্য ওই তরুণেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ দিয়েছে।
বোঝাই যাচ্ছে বিক্ষোভের মোকাবিলায় দেশপ্রেম, দেশসেবা ইত্যাদিকে হাতিয়ার করছে গেরুয়া শিবির। গত বৃহস্পতিবার থেকেই বিজেপির নেতা-মন্ত্রীরা এই প্রকল্পের গুণগান গেয়ে প্রচার শুরু করেছেন। বাংলার তরুণদের দিয়ে যে প্রচার শুরু করা হয়েছে সেখানেও মূলত দেশসেবার পক্ষেই জনমত তৈরির চেষ্টা স্পষ্ট।
অগ্নিপথের আগুন ছড়াচ্ছে, নজরদারি বাড়াতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের