
শেষ আপডেট: 11 June 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত ভোট। যদিও এখনও ফেরেনি পথের হাল। তাই রাস্তা সারানোর দাবিতে রবিবার বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এদিন বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় জলঙ্গির সাগরপাড়া থানার নরসিংহপুর পুলপাড়া এলাকায়।
বেঞ্চ পেতে, বাঁশ ফেলে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলপাড়াগ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির জন্য পাকা রাস্তার ধারে পোস্টার লাগানো হলেও এখনও কাজ শুরু হয়নি। কাজ অসমাপ্ত থাকায় ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। গাড়ি নিয়েও যাওয়া বিপজ্জনক হয়ে উঠেছে।
পুলপাড়া গ্রামের বাসিন্দারা জানান, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিডিও অফিসে সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই তাঁরা সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করেন।
এদিকে স্থানীয় মানুষের বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে সাগরপাড়া-বহরমপুর রুটের রাজ্য সড়ক। বাস, ছোটো গাড়িকে মাঝ রাস্তায় দীর্ঘক্ষণ সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রবিবার চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। পুলিশের কাছে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তার কাজ শুরু করতে হবে। এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় আছে। বর্ষার সময় গ্রামবাসী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে প্রচন্ড সমস্যার মধ্যে পড়েন। শেষে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশনের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দেড় ঘণ্টা এই অবরোধের জেরে নাকাল হতে হয় যাত্রীদের।
গুচ্ছ গুচ্ছ ডিসিআর কাটার ভিডিও ভাইরাল,তৃণমূলের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ শালতোড়ায়