
শেষ আপডেট: 11 January 2023 11:36
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ( Group Clash ) ফের উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর ( West Medinipur )। কেশপুরের শাকপুর গ্রামে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আহত হলেন এক চার মাসের অন্তঃসত্ত্বা সহ মোট চারজন। এই ঘটনার সঙ্গে মন্ত্রী শিউলি সাহা ও বর্তমান সভাপতি প্রদ্যুৎ পাঁজার নাম জড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূলকর্মী। তাঁদের উপর পিছন থেকে হামলা চালানো হয়। ওই চায়ের দোকানে লাগোয়া একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। তিনিও হামলার শিকার হন। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। ওই মহিলার পেটেও লাথি মারা হয়েছে বলে অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে খবর, যাঁরা হামলা চালিয়েছে, তাঁরাও তৃণমূলকর্মী, বর্তমান ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামী। দীর্ঘদিন ধরে প্রদ্যুৎ পাঁজার সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠির বিবাদ রয়েছে। মাঝেমধ্যে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে অশান্ত হয়ে ওঠে কেশপুরের ওই এলাকা।
জখম অন্তঃসত্ত্বা মহিলার এক আত্মীয় নাজিমুল হকের অভিযোগ, “মন্ত্রী শিউলি সাহা যখনই কেশপুরে আসেন, তখনই অশান্ত হয়ে ওঠে এলাকা। তিনি ইচ্ছে করেই তাঁর অনুগামীদের দিয়ে এলাকাকে তাতিয়ে রাখার চেষ্টা করেন। তাঁর অনুগামীদের মধ্যে একজন হলেন ব্লক সভাপতি প্রদ্যুৎ সাহা। এদিন তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়।“ আক্রান্ত মহিলার আত্মীয়ের দাবী, এইভাবে রাজনীতি করা বন্ধ করুক শিউলি সাহা।
ঘটনার পর আহতদের প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জখম অন্তঃসত্ত্বা মহিলার অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর হাসপাতালে রেফার করা হয়।
যদিও তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। পারিবারিক অশান্তির জেরে সংঘর্ষ হয়েছে। অন্যদিকে মন্ত্রীর শিউলি সাহার দাবি, ঘটনা যাই ঘটুক ব্যবস্থা নেবে পুলিশ।
তবে এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলতে নারাজ বিরোধীপক্ষ। বিজেপির মুখপাত্র অরূপ দাস এই ঘটনার জন্য শাসকদলকেই বিঁধেছেন।
জমে উঠেছে গঙ্গাসাগর মেলা, মকরস্নানে হতে পারে রেকর্ড ভিড়! দেখুন প্রস্তুতির এক ঝলক