
শেষ আপডেট: 12 May 2022 10:09
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে ঘড়ির কাঁটা তখন প্রায় নয়ের ঘরে। সারাদিন সংসারের সমস্ত ঝক্কি সামলে রান্নাঘরে ঢুকেছিলেন বাসন্তীর গৃহবধূ জয়ন্তী বারিক। সেখানেই ঘাপটি মেরে বসেছিল সাক্ষাৎ যমদূত! কোত্থেকে এক বিশাল সাইজের কেউটে সাপ এসে ছোবল মারে তাঁর পায়ে (Basanti Cobra)। তারপর গা ঢাকা দেয় বাড়ির পাশের জঙ্গলে।
এই ঘটনা নিয়ে রাতেই হইচই শুরু হয় এলাকায়। জানা গেছে, স্বামী সন্তানকে খেতে দেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি থেকে ভাত বাড়ছিলেন জয়ন্তীদেবী। সেসময়েই আচমকা একটি বিশাল কেউটে সাপ তাঁর পায়ে ছোবল মারে (Basanti Cobra)। প্রবল যন্ত্রণায় রীতিমত কাতরাতে থাকেন তিনি।
পরিচারিকা খুঁজতে গিয়ে অপহৃত বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ, কোর্টে তোলা হল ধৃতদের
তড়িঘড়ি সেই মহিলার চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন। এমন সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেই মহিলার ভাসুরের ছেলে সমীরণ বারিক বাইকের পিছনে তাঁর কাকিমা জয়ন্তী দেবীকে বসিয়ে দ্রুতগতিতে রওনা দেয় ক্যানিং মহকুমা হাসপাতালের উদ্দেশে।
হাসপাতালে পৌঁছতেই ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় জয়ন্তীদেবীর চিকিৎসা শুরু করেন। তাঁর শরীরে পরপর ১০টি অ্যান্টি ভেনাম সিরাম (এভিএস) প্রয়োগ করা হয়। পরে আরও ১০টি এভিএস প্রয়োগ করা হয় তাঁর শরীরে। বর্তমানে বিপদমুক্ত হয়ে ওই মহিলা ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।