
শেষ আপডেট: 13 October 2022 06:43
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার সাতসকালে বারুইপুর থানার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড (Baruipur Police Station Fire Broke)। পুড়ে ছাই একাধিক জিপ ও বাইক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। থানার মধ্যে এহেন ঘটনা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, শব্দ ও নিষিদ্ধ বাজি বন্ধ করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তেমনই বুধবার চাম্পাহাটি এলাকার একটি বাজি কারখানা থেকে মশলা ও কেমিক্যাল বাজেয়াপ্ত করে এনে থানায় রাখে। থানার গুদাম ঘরে সেগুলি মজুদ ছিল। প্রাথমিক অনুমান সেখান থেকেই বিস্ফোরণ (Explosion) ঘটে। আর তাতেই আগুন লাগার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে হঠাৎই বিকট শব্দ শোনা যায় থানার মধ্যে থেকে। সেই সময় থানার মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তাঁরা বেরিয়ে এসে দেখেন গাড়ি, বাইক দাউ দাউ করে জ্বলছে।
তখনই খবর দেওয়া হয় দমকলে। প্রথমে পুলিশকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। তবে পরে দমকল এসে আগুন নেভায়। প্রাথমিকভাবে বাজি থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হলেও দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িতে কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।