
শেষ আপডেট: 29 November 2022 07:34
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: শাঁখের উপর খোদাই করেছিলেন কুরুক্ষেত্রে কৃষ্ণের দৃশ্যপট। সেই অপূর্ব সৃষ্টি জিতে নিল জাতীয় পুরস্কার (National Award)। সম্মানিত হলেন ইন্দপুরের হাটগ্রামের বাসিন্দা বাবলু নন্দী (Sculpture Artist)। সালটা ২০১৮। এই পুরস্কার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল শঙ্খশিল্পী বাবলু নন্দীর হাতে এই পুরস্কার তুলে দেন।

অতীতেও নানান শিল্পকর্মের জন্য একাধিকবার জাতীয় স্তরের পুরস্কার এসেছে লাল মাটির জেলা বাঁকুড়ায়। এবার শিল্পী বাবলু নন্দীর হাত ধরে সেই তালিকায় যুক্ত হল শঙ্খশিল্পের নামও। শাঁখের উপর বাবলু ফুটিয়ে তুলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনের যুদ্ধ যাত্রা, বিশ্বরূপ দর্শন, মেদিনী গ্রাস করছে কর্ণের রথের চাকা ও প্রতিজ্ঞাভঙ্গ করে কৃষ্ণের অস্ত্রধারণের দৃশ্য। যা এককথায় অনবদ্য। তারই স্বীকৃতি মিলল কেন্দ্রীয় পুরস্কারে।
'কাশ্মীর ফাইলস'কে অশ্লীল বলে বিতর্কের ঝড় তুলেছেন ইজরায়েলি পরিচালক, এবার তীব্র তিরস্কার রাষ্ট্রদূতের
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বাবলু নন্দী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। টেলিফোনে তিনি জানান, প্রায় তিনমাসের চেষ্টায় শাঁখের উপর কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের নানা ভূমিকার দৃশ্যপট খোদাই করেছেন। তিনি বলেন, ‘আমরা শাঁখের কাজ করি। তাতে নানা শিল্প গড়ি। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ আমার বরাবরই পছন্দের বিষয়। শাঁখের উপর সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম।’

তাঁর এমন সাফল্যে স্ত্রী মঞ্জুকেই সবথেকে বড় সাপোর্ট সিস্টেম বললেন বাবলু। কৃতজ্ঞ চিত্তে বাবা ও মায়ের ভূমিকার কথাও স্বীকার করেন। এই শিল্পকর্মের হাত ধরে 'শিল্প গুরু' সম্মানে সম্মানিত হওয়াও তাঁর লক্ষ্য বলে জানান।
এখন পুরস্কার নিয়ে বাবলুর ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে গোটা ইন্দপুরের হাটগ্রাম।