
শেষ আপডেট: 12 October 2022 14:46
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভয়াবহ আগুন। তুমুল চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura Fire) সোনামুখীর ডিহিপাড়ায়। দোতলা ওই পঞ্চায়েতের একতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষ। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।
খবর পেয়ে আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছন সোনামুখীর বিডিও দেবলীনা সর্দার সহ অন্যান্যরা। পঞ্চায়েত কার্যালয়ের নীচের তলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ন্যাপকিন তৈরির একটি কারখানা রয়েছে। সেখান থেকেই আগুন লাগে বলে জানা গেছে।
শর্টশার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। অগ্নিকাণ্ডে একাধিক সেলাই মেশিন, তুলো সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোনামুখীর বিডিও দেবলীনা সর্দার বলেন, কীভাবে আগুন লাগল তার তদন্ত হবে। ওই কারখানায় আট লক্ষ টাকার জিনিস ছিল। ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত শেষ হলেই তা জানা যাবে।