
শেষ আপডেট: 6 June 2022 13:19
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় অভিনয় করাই তাঁর নেশা। যৌবনকাল থেকে টলিপাড়ার আশপাশে ঘোরাঘুরি করেছেন কাজের আশায়। ছোটখাটো দু-একটা সুযোগ যে একেবারে মেলেনি তা নয়। তবে বড় অভিনেতা হওয়ার স্বপ্ন আজও অধরা থেকে গেছে বনগাঁ পূর্বপাড়ার (Bangaon) দীনবন্ধু মোদকের। এখন তাঁর বয়স ৬২ বছর। এখনও স্বপ্নপূরণের আশা ছাড়েননি তিনি।
আরও পড়ুন: রাজমিস্ত্রির ছেলে সুদীপের দাপটে বাংলা রানের পাহাড়ে, দুরন্ত অনুষ্টুপও
দীনবন্ধু মোদক প্যান্ডেলের ব্যবসা করেন (Bangaon)। সেই আয়েই চলে সংসার। কিন্তু সেই যৌবনকাল থেকে তাঁর চোখে লেগে রয়েছে অভিনয়ের স্বপ্ন। সে স্বপ্নের চিহ্ন তিনি আজও বহন করেন নিজের চুলের ছাঁটে। তাঁর চুলের ছাঁটেই এলাকায় তাঁর পরিচিতি ‘দিনু বচ্চন’ নামে। অমিতাভ বচ্চনের মতো করেই কাটা তাঁর চুল।
১৯৮০ সালে সুখেন দাসের হাত ধরে টলিপাড়ায় প্রথম পা রাখেন দিনু বচ্চন (Bangaon)। তাঁর অনুরোধেই সুখেন দাস নিজের ছবিতে ছোট্ট একটি চরিত্রে কাজ করতে দেন দীনবন্ধুকে। ‘পাপপুণ্য’ ছবিতে জনপ্রিয় একটি গানে নেচেছিলেন তিনি। সেই থেকেই টলিপাড়ায় তাঁর পথচলা শুরু। সেদিনের সেই নাচের জন্য ৫০০ টাকা উপার্জন হয়েছিল তাঁর।
এরপর কখনও গানে পার্শ্বশিল্পী কখনও ভ্যানচালক একাধিক ছোট ছোট চরিত্রে বাংলা ছবিতে অভিনয় করেছেন বনগাঁর যুবক দীনবন্ধু। আজ তাঁর যৌবন আর অবশিষ্ট নেই। পেশা প্যান্ডেলের ব্যবসা। কিন্তু বার্ধক্যে পৌঁছেও অভিনয়ের নেশা ছাড়তে পারেননি তিনি। আজও অভিনয় করবেন এই আশাতেই চুলের পুরনো ছাঁট বদলাননি। সিনেমার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কাউকে দেখলেই জানতে চান কোনও কাজ আছে কিনা। একদিন কাজের ডাক ঠিক আসবে টালিগঞ্জ থেকে, মনে মনে বিশ্বাস করেন বনগাঁর দীনবন্ধু মোদক।