দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতার জামিনের আর্জি খারিজ করে দিল ভুবনেশ্বরের বিশেষ আদালত।
গত বৃহস্পতিবার নাটকীয় ভাবে মোহতার কসবার অফিসে হানা দিয়েছিল সিবিআই। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তুলে এনে গ্রেফতার করে এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তার পরের দিন তাঁকে ভুবনেশ্বরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সে দিন সিবিআই শ্রীকান্তকে আর তাদের হেফাজতে চায়নি। ফলে আদালত ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের আদালতে জামিনের আর্জি জানান শ্রীকান্ত মোহতার আইনজীবীরা। তাঁরা আদালতে দাবি করেন, শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ নেই সিবিআইয়ের কাছে। সিবিআই আদালতে এ ব্যাপারে কিছু পেশ করতে পারেনি। তাই তাঁকে জামিন দেওয়া হোক।
কিন্তু মোহতার আইনজীবীদের সেই বক্তব্যকে খণ্ডন করেন সিবিআই কৌঁসুলিরা। সব শুনে আদালত জামিন দিতে অস্বীকার করে এবং আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। চোদ্দো দিনের জেল হেফাজত শেষ হলে পরবর্তী শুনানি হবে।
সিবিআই সূত্রে বলা হয়েছে, মোহতাকে এর আগে তাদের দফতরে ডেকে বেশ কয়েক বার জেরা করা হয়েছে। চিটফান্ডের টাকা প্রতারণার প্রমাণ রয়েছে তাদের কাছে। রোজ় ভ্যালি চিটফান্ডের মালিক গৌতম কুণ্ডুর থেকে প্রায় ২৪ কোটি টাকা শ্রীকান্ত নিয়েছিলেন ছবি বানাবেন বলে। কিন্তু ওই টাকায় কোনও ছবি তো তিনি বানাননি, টাকাও ফেরত দেননি। উল্টে ওই টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনেছেন এবং আরও কয়েকজন চিটফান্ড সংস্থার মালিককে দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনিয়েছেন।