
শেষ আপডেট: 16 May 2023 08:08
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) জামিন পেয়েছেন অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। যদিও আরও দুই অভিযুক্ত ইসিএলের প্রাক্তন কর্তা সুনীল কুমার ঝা ও সিআইএসএফ কর্মী আনন্দ কুমার সিংকে জামিন দিল না (Bail Not Granted) সিবিআই আদালত (CBI Court)। আগামী ১৪ দিন তাঁদের জেল হেফাজতে থাকতে হচ্ছে। ২৯ মে ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত বৃহস্পতিবার ১১ মে নোটিস দিয়ে সুনীল কুমার ঝা ও আনন্দ কুমার সিংকে জেরার জন্য সিবিআই কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠায়। কিন্তু তদন্তের স্বার্থে ওই রাতেই তাদের গ্রেফতার করা হয়। পরের দিন শুক্রবার ১২ মে তাদেরকে আসানসোলে সিবিআই আদালতে পেশ করলে তাঁদের চারদিনের হেফাজত রাখার জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুরও করেন বিচারক। তারপর থেকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই ছিলেন তাঁরা। সেখানে দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
হেফাজত শেষে মঙ্গলবার ছিল শুনানির দিন। এদিন সকালে বিকাশের সঙ্গে কলকাতা থেকে মামলায় অভিযুক্ত ইসিএল কর্তা ও সিআইএসএফ কর্মীকেও বিচারক রাজেশ কুমারের এজলাসে তোলা হয়। সেখানে তাঁদের আইনজীবী শেখর কুণ্ডু তাদের যে কোনও শর্তে জামিন দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করেন। কিন্তু বিচারক রাজেশ কুমার ‘প্রভাবশালীর’ তত্ত্বে তাঁদের দু’জনের জামিনের নাকচ করেন। তিনি বলেন, তদন্ত এখনও বাকি রয়েছে। মামলায় ক্ষেত্রে নতুন নতুন তথ্য উঠে আসছে। সেই সমস্ত কিছুই যাচাই ও পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই দুই ‘প্রভাবশালী’কে জামিন দেওয়া হলে তদন্ত গতি ব্যহত হতে পারে। তাই তিনি দু’জনের জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠাবার নির্দেশ দেন। এদিন সিবিআই যদিও কোনও আবেদনই করেনি।
প্রসববেদনা ছাড়াই নর্মাল ডেলিভারি! দুরন্ত নজির আসানসোল জেলা হাসপাতালে, কীভাবে সম্ভব এমনটা