
শেষ আপডেট: 10 September 2023 10:24
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাজা নেই। নেই রাজ্যপাট। রয়ে গেছে রাজ পরিবারের প্রাচীন রীতি। সেই রীতি মেনে জন্মাষ্টমী পুজোর পরের দিন দধিকাদো খেলা হল বৈকুণ্ঠপুর রাজবাড়িতে (Baikunthapur Rajbari Dodhikado)। প্রথা মেনে হল দেবীদুর্গার কাঠামো পুজোও। সেই অর্থে এদিনই রাজবাড়ির দুর্গাপুজোর সূচনা হল।
রাজবাড়ির নববধূ লিন্ডা বসু জানান, উত্তরবঙ্গের রাজবংশী সমাজে দধিকাদো একটি অত্যন্ত প্রাচীন খেলা। রাজবাড়িতে কাঠামো পুজোর পর নাটমন্দিরের পাশে কাদা খেলার পুকুরে কাদামাটির সঙ্গে দই মিশিয়ে দেন পুরোহিত। এরপর এলাকার ছেলেছোকরা শুরু করে কাদা খেলা। কাদা খেলার মাটি রেখে দেওয়া হয় নাট মন্দিরে। প্রতিমা গড়ার সময় এই কাদামাটি মিশিয়ে দেওয়া হয় প্রতিমা গড়ার এঁটেল মাটিতে।
রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান, এই দধিকাদো খেলার মাটি সবার প্রথমে কাঠামোতে প্রলেপ দিয়ে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হবে। এটাই এই পরিবারের রীতি। এবারে রাজবাড়িতে ৫১৪ বছরের পুজো। তিনি বলেন, “এখানে দুর্গার বাহন সিংঘ নয়, বাঘ। দেবীর সঙ্গে থাকেন জয়া বিজয়া। বরাবরই নিষ্ঠার সঙ্গে পুজো হয়। এবারও সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: ২০ টাকার তাল বিকোচ্ছে ৫০০ টাকায়! জন্মাষ্টমীর ভোগে কাটছাঁট