
শেষ আপডেট: 24 March 2022 12:00
বৃহস্পতিবার দুপুরে বগটুই গ্রামে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে সেখানে নারকীয় হত্যালীলা চলেছে। আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে ৮ জনকে (সরকারি তথ্য অনুযায়ী)। এদিন সেই পুড়ে যাওয়া বাড়ির কাছে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথাবার্তা বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশে থাকার আশ্বাস দিলেন। দিলেন ক্ষতিপূরণও (Bagtui Compensation)।
আরও পড়ুন: ভাদুর পরিবারকে প্যান্ডেল খাটিয়ে বসানো হয়েছিল, দেখাই করলেন না মমতা! ক্ষুব্ধ স্ত্রী
বগটুইয়ে এদিন হাতে হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে দশটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তা আবার করে বানানোর জন্য ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন তিনি। তবে সেই ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে রীতিমতো দর কষাকষি হয় দিদির সঙ্গে। ক্ষতিগ্রস্তরা ১ লাখের কথা শুনে বলে ওঠেন, ‘দিদি এক লাখে হবে না।’ তাঁদের দাবি শুনে মমতা বলেন, ‘ঠিক আছে, একে না হলে দুই করে দেব।’
হাতে হাতে চেক দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে উপস্থিত মানুষের উদ্দেশে এও বলতে শোনা গেছে, ‘আপনাদের হাতে দিলে ভাগ করে নিতে পারবেন তো?’
আরও পড়ুন: পরিবারের দাবিতেই সিলমোহর, ময়নাতদন্ত বলছে মারের পর জীবন্ত পুড়িয়ে খুন
শেষমেশ বাড়ির জন্য ক্ষতিপূরণের অঙ্কটা দাঁড়ায় দুই লাখ টাকা। এছাড়া যে পরিবারের লোকজন মারা গিয়েছেন তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে টাকা যে কখনও মৃত্যুর সান্ত্বনা হতে পারে না, এদিন সেকথাও মেনে নিয়েছেন দিদি।
আরও পড়ুন: তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মমতার, ঠিক করে ‘কেস সাজাতে’ বললেন মুখ্যমন্ত্রী
বগটুইয়ে দাঁড়িয়ে এদিন চাকরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি একটা ঘোষণা করতে চলেছি। আমি জানি, কারও জীবন চলে গেলে চাকরি দিয়ে বা অর্থ দিয়ে তা পূরণ করা যায় না। কিন্তু জীবন তো কাটাতে হবে। তাই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। মুখ্যমন্ত্রীর বিশেষাধিকার প্রয়োগ করে চাকরি দেওয়া হবে। প্রথম বছর ১০ হাজার টাকা বেতন মিলবে সেই চাকরিতে। ১ বছর পর চাকরি স্থায়ী হবে।