
শেষ আপডেট: 4 April 2022 08:27
দ্য ওয়াল ব্যুরো: বগটুই ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে অপসারণ করা হয় এসডিপিও সায়ন আহমেদকে। তখনও এই তদন্তের দায়িত্বভার নেয়নি সিবিআই (Bagtui CBI)। রাজ্য সরকারের গঠন করা সিট তদন্ত করছিল। নবান্নের নির্দেশেই সরিয়ে দেওয়া হয় সায়ন আহমেদকে। সেই জায়গায় দায়িত্ব নেন ধীমান মিত্র। তারপর জল অনেক দূর গড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের স্বার্থেই এবার রামপুরহাটের বর্তমান এসডিপিও ধীমান মিত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই।
২২ মার্চ বগটুইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছিল পুলিশ-প্রশাসন। 'পুলিশ গাফিলতি'র অভিযোগও উঠেছিল। সেই দিনই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়। পাশাপাশি রামপুরহাট থানার ওসি ত্রিদিব প্রামাণিককে ক্লোজ করা হয় এবং এসডিপিও সায়ন আহমেদকে অপসারণ করা হয়।
সিবিআই তদন্তভার নেওয়ার পর একাধিকবার প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদকে জেরা করেছিল। গত সোমবারই চার ঘণ্টা জেরা করে সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, জেরার ফলে নতুন অনেক তথ্য উঠে এসেছে। এবার ঘটনা সম্পর্কে আরও নতুন কিছু তথ্যের সন্ধানে ডেকে পাঠানো হল নতুন এসডিপিওকে।
অন্যদিকে, সিবিআই-এর কাছে এসেছে নতুন অনেক তথ্য। বগটুই গ্রামের ঘরবাড়ি জ্বালাতে যে দাহ্য বস্তু ব্যবহার করা হয়েছিল তা নিয়ে আসা হয়েছিল একটি টোটোতে করে। ঘটনার পরদিন বাড়ির পাশে সেই অচেনা গাড়ি দেখতে পান গ্রামবাসীরা, ছিল একটি বাইকও। আগেই এই তথ্য ধরে সেই বাইক ও টোটো বাজেয়াপ্ত করে সিবিআই। সেইগুলোর ফরেনসিক পরীক্ষা হবে সোমবার। গাড়ির ভেতরে বসার আসন থেকে শুরু করে যেখানে সামগ্রী রাখা হয় সবটাই পরীক্ষা করে দেখা হবে বলে খবর।
মৃত্যু-অসুস্থতায় একাধিক শূন্যস্থান, কেন্দ্রীয় কমিটিতে ত্রিপুরা সিপিএমের নতুন কারা