
শেষ আপডেট: 24 April 2022 04:32
দ্য ওয়াল ব্যুরো: অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বিরুদ্ধে (Bagda TMC)। ধৃতের পরিবারের কাছ থেকে তিনি ১ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। তবু কাজের কাজ না হওয়ায় ওই অভিযুক্তের পরিবার সরব হয়েছে।
আরও পড়ুন: বাজারে দামের ছ্যাঁকা, তার মধ্যেই ১৪৩ জিনিসের কর বৃদ্ধি চায় মোদী সরকার
সূত্রের খবর, বাগদার হরিহরপুরের বাসিন্দা আতিয়ার মণ্ডল। তাকে গত ১৭ এপ্রিল তুলে নিয়ে যায় পুলিশ। এরপর স্থানীয় নাসির বিশ্বাস নামের যুবকের দ্বারস্থ হয় আতিয়ারের পরিবার (Bagda TMC)। নাসির আতিয়ারের স্ত্রী আজমিরা মণ্ডলকে নিয়ে যায় তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের কাছে। সেখানেই তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। আজমিরা মণ্ডলের দাবি, দেড় লক্ষ টাকা পেলেই তাঁর স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনা হবে বলে জানান গোপা রায়।
চাহিদা মতো দেড় লক্ষ টাকা দিতে না পারলেও ১ লাখ টাকা জোগাড় করে পঞ্চায়েত সভাপতির হাতে তুলে দেন বলে জানিয়েছেন আজমিরা। কিন্তু অভিযোগ, প্রতিশ্রুতি মতো কাজ হয় না তারপরেও। ধৃত আতিয়ারের বিরুদ্ধে তারপরেও কেস দেওয়া হয়, তাকে আদালতে তোলা হয়। এরপরেই ঘটনা নিয়ে সরব হয়েছেন আজমিরা। তিনি নগদ অর্থ ফেরতের দাবি জানিয়েছেন। গোটা ঘটনার কথা জানিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগ জানানো সেই চিঠি পাঠানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও।
আজমিরার বক্তব্য দীর্ঘদিন ধরেই তৃণমূলের একনিষ্ঠ সমর্থক তাঁরা। তবু তাঁদের সঙ্গে এই অনাচার হল। নগদ অর্থ ফেরত চাইতে গেলে নাসির বিশ্বাস 'পারলে আদায় করে নিস' বলে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।
এদিকে পঞ্চায়েত সভাপতি গোপা রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য তিনি এসবের কিছুই জানেন না। পুলিশ তদন্ত করুক। দোষ করলে মাথা পেতে তার শাস্তি তিনি নেবেন।