টুপি পরে অশান্তি করছেন বাদশা! ফেসবুকে ছড়াল পোস্ট, ফুঁসে উঠলেন অভিনেতা
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বাদশা মৈত্রের ছবি ছড়িয়ে পড়ল ফেসবুকে। অভিযোগ উঠল, মুর্শিদাবাদের সারগাছি রেল স্টেশনের কাছে শনিবার বিকেলে যে অশান্তি ছড়িয়েছিল, তাতে নেতৃত্ব দিয়েছেন বাদশা। কমন ম্যান নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে এই অভিযোগ তোলা হয়। কয়ে
শেষ আপডেট: 15 December 2019 08:47
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা বাদশা মৈত্রের ছবি ছড়িয়ে পড়ল ফেসবুকে। অভিযোগ উঠল, মুর্শিদাবাদের সারগাছি রেল স্টেশনের কাছে শনিবার বিকেলে যে অশান্তি ছড়িয়েছিল, তাতে নেতৃত্ব দিয়েছেন বাদশা। কমন ম্যান নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে এই অভিযোগ তোলা হয়। কয়েক ঘণ্টার মধ্যে সেই পোস্টের স্ক্রিন শট পোস্ট করে প্রতিবাদে ফুঁসে উঠলেন এই বামপন্থী বুদ্ধিজীবী।
কী লেখা হয়েছে বাদশার বিরুদ্ধে?
জনৈক কমন ম্যানের প্রোফাইল থেকে লেখা হয়েছে, “শনিবার বৈকালে সারগাছি রেলওয়ে স্টেশনে তাণ্ডবলীলা চলার সময়ে ফেজ টুপি পরে নেতৃত্ব দিতে দেখা গেছে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্রকে।”

পর্যবেক্ষকদের মতে, ফেজ টুপি পরার কথা উল্লেখ করে ঘৃণা ছড়াতেই যে এই পোস্ট করা হয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই। পাল্টা আসরে নামেন অভিনেতা। তিনি লেখেন, “ডোমকলে ডিওয়াইএফআই-এর সম্মেলনে যাওয়ার পথে সারগাছি স্টেশনের কাছে আটকে পড়ে উদ্যোক্তাদের ফোন করছিলাম। কেউ সেটার ছবি তুলে আমার নামে এই পোস্ট ছড়িয়ে দিয়েছে।” এরপর বাদশা আরও লিখেছেন, “এটাই আজ আমাদের রাজ্যের রাজনীতির অবস্থা। করুণা হয় তাদের প্রতি যারা এর মধ্যে দিয়ে নিজেদের দেশভক্ত প্রমাণ করতে চাইছে।”
গতকাল থেকে ডোমকলে শুরু হয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ২২ তম মুর্শিদাবাদ জেলা সম্মেলন। মহম্মদ সেলিমের প্রকাশ্য সমাবেশ দিয়ে শুরু হওয়ার পর প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করার কথা ছিল বাদশার। ঘুরপথে নির্দিষ্ট সময়ের অনেকটা পরে সেখানে যান এই অভিনেতা।
বাদশা-ঘনিষ্ঠদের অনেকের মতে, দীর্ঘদিন ধরেই উনি মাথায় একটি টুপি পরেন। সেটা ফেজ টুপি নয়। বরং পাহাড়ি এলাকার মানুষ যেমন টুপি পরেন খানিকটা সেই ধরনের দেখতে। সেই টুপি পরা ছবি দিয়ে বাদশার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে বলে অভিযোগ তাঁদের। এ নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর কথাও ভাবছেন অভিনেতা।