
শেষ আপডেট: 23 September 2023 13:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কোন্নগরের জি টি রোড (Konnagar GT Road) থেকে কোন্নগর স্টেশন (Konnagar station) যাওয়ার রাস্তা কার্যত যেন মরণফাঁদ ( Bad road )। রাস্তা জুড়ে বড় বড় গর্ত। বর্ষাকালে জল জমে কড়া নাড়ছে বিপদ। পথে নেমে নিত্য ভোগান্তির মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তবে বর্ষার কারণেই রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান পুরপ্রধান। তাঁর আশ্বাস, রোদ উঠলেই রাস্তার কাজ শুরু করবে পুরসভা।
স্থানীয় বাসিন্দা মঙ্গল পাল বলেন, ‘‘রাস্তার অবস্থা একটাই খারাপ গাড়ি চললে মনে হয় নৌকায় করে যাচ্ছি। কিছু মাস আগে রাস্তা ঠিক করার জন্য বালি পাথর ফেলা হয়েছিল রাস্তার ধারে। তবে আবার সেই বালি পাথর কোথায় উধাও হয়ে গেল তা কেউ জানে না। বর্তমানে রাস্তার যা অবস্থা রাস্তার মধ্যে জল জমে থাকলে বোঝা যাচ্ছে না কোনটা গর্ত কোনটা রাস্তা।’’
বিজেপির কোন্নগর মণ্ডল সভাপতি প্রণয় গোস্বামী বলেন, ‘‘উন্নয়নের ফোয়ারা ছুটছে রাস্তা দিয়ে। এতদিন বর্ষাকাল ছিল না, সেই সময় পুরসভা কেন রাস্তাটা ঠিক করেনি। রাস্তার মধ্যে বালি পাথর পড়তে দেখা গিয়েছিল তারপরে হয়তো ঠিকাদারের সঙ্গে বখরা নিয়ে কোনও গন্ডগোল হয়েছে, সেই কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে।’’
কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস জানিয়েছেন, রাস্তাটির বেহাল অবস্থা তাদের নজরে রয়েছে। তিনি বলেন, ‘‘ওই রাস্তার জন্য উনিশ লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছে। রাস্তার কাজ শুরু হয়েছিল। তবে বর্ষার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে। বর্ষা মিটে গেলেই আবারও রাস্তাটি ঠিক করা হবে।’’
আরও পড়ুন: বাঁশের চরাট ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল গাড়ি, আহত চালককে উদ্ধার করে পাঠানো হল হাসাপাতালে