দ্য ওয়াল ব্যুরো: হাতি তাড়াতে বা উদ্ধারে জেসিবিই যে এখন বন দফতরের অন্যতম ভরসা তা আরও একবার প্রমাণিত হলো। জেসিবিতে চেপেই জলভর্তি চৌবাচ্চা থেকে উঠলো হাতির ছানা।
ঘটনাটি দুয়ার্সের ভূটান সীমান্তে মাকরাপাড়া চা বাগানের। অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান, শনিবার গভীর রাতে দলগাও-এর জঙ্গল থেকে মাকরাপাড়া চা বাগানে এসেছিল ৮ টি হাতির একটি দল। কোনও ভাবে দলছুট হয়ে কাছের এক জলাধারে নেমে পড়ে একটি বাচ্চা হাতি। জলের মধ্যে পড়ে আর উঠতে না পেরে চিৎকার করতে থাকে হস্তিশাবকটি।
https://www.youtube.com/watch?v=oWh9kF_Lz6M
খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান এসএসবি ও বন দফতরের কর্মীরা। কিন্তু রাতভর অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি হাতির ছানাটিকে। শেষ পর্যন্ত নিয়ে আসা হয় জেসিবি মেশিন। সেই জেসিবি মেশিনের সামনে চড়ে চৌবাচ্চা থেকে বের হয়ে আসে হস্তিশাবক।
পারে উঠে কোনও দিকে না তাকিয়ে একছুটে জঙ্গলের ভেতরে গিয়ে ঢোকে হাতির ছানাটি। শাবকটি সুস্থ থাকায় তাকে আর ধরার চেষ্টা করেনি বন দফতরের কর্মীরা। কিন্তু তাঁরা লক্ষ্য রাখছেন বাচ্চা হাতিটির উপর।