দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি রাজ্যপালের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে, তাঁকে মাত্রা না ছাড়ানোর জন্য সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেন খানিকটা সেই সুরেই তাঁকে পাল্টা সতর্ক হতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার কালিয়াগঞ্জের নির্বাচনী প্রচারে এসেছিলেন বাবুল। সেখানেই একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে সতর্ক হতে বলেন বাবুল। জানান, তিনি যেন তাঁর ভাষায় এবং কাজে মাত্রা না ছাড়ান।
নির্বাচনী প্রচারে এসে সন্ত্রাসের আশঙ্কা করার কথা জানান বাবুল সুপ্রিয়। তিনি দাবি করেন, বামেরা যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভোট লুঠ করত, তৃণমূল একই কৌশলের পথ ধরেছে। বাম আমলে যে সব হার্মাদ গুন্ডারা ছিল, তারাই এখন তৃণমূলে।
গত লোকসভা ভোটে কালিয়াগঞ্জে যেহেতু বিজেপি অনেক ভোটে এগিয়েছিল, সেই কারণে তৃণমূল আতঙ্কে আছে। ফলে তারা উপনির্বাচনেও সন্ত্রাস করবে বলে আশঙ্কার কথা জানান বাবুল। সেই সঙ্গে অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের বশংবদ। ফলে সন্ত্রাস রোখার লড়াই অনেক বেশি কঠিন।
এর পরেই মুখ্য়মন্ত্রী মমতাকে সতর্ক করে বাবুল সুপ্রিয় জানান, রাজ্যপাল একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি দৃঢ়তার সঙ্গে কাজ করছেন পশ্চিমবঙ্গে। তাই সরকার নানা ভাবে তাঁর বিরোধিতা করছে। রাজ্যের মানুষ সে সবই দেখছেন।রাজ্যের মানুষই মমতাকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে রাজ্যের মানুষই তাঁকে সরিয়ে দেবে।