
শেষ আপডেট: 28 July 2022 14:58
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikari) শিক্ষিকা হিসেবে পাওয়া সমস্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রথম কিস্তিতে তিনি সে টাকা ফিরিয়েওছেন। এবার সেই টাকা হাতে পেলেন ববিতা সরকার (Babita Sarkar)।
অঙ্কিতা অধিকারী তাঁর বেতনের প্রথম কিস্তিতে মোট ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা ফেরত দিয়েছেন। ১ হাজার ৮৭ টাকা সুদসহ সেই টাকা পেয়েছেন ববিতা সরকার। দ্বিতীয় কিস্তির ৭ লক্ষ টাকাও জমা দিয়েছেন মন্ত্রীকন্যা অঙ্কিতা। তা নিয়ে কী করা হবে সেই সিদ্ধান্ত এখনও নেয়নি আদালত। দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সরকারি স্কুলে চাকরি করতেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। অভিযোগ ওঠে, মেধাতালিকায় অনেকের পিছনে ছিল অঙ্কিতার নাম। সকলকে টপকে চাকরি পেয়ে গেছেন তিনি। ওই মেধাতালিকার ওয়েটিং লিস্টে প্রথমেই ছিল ববিতার নাম। মামলা চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি থেকে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করার নির্দেশ দেন। সেই সঙ্গে তাঁকে সমস্ত বেতনও ফেরত দিতে বলা হয়। বেতনের টাকা ববিতা সরকার পাবেন বলে জানায় উচ্চ আদালত।
আরও পড়ুন: পার্থকে দলের সব পদ থেকে অপসারণ করল তৃণমূল, ঘোষণা অভিষেকের