দশ দিন ধরে নিখোঁজ বিএড কলেজের ছাত্র, রহস্য দেখছে পরিবার
দ্য ওয়াল ব্যুরো: টানা দশ দিন কোনও খোঁজ নেই কাকদ্বীপ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সৌরদীপ গুহর, সব রকম ভাবে চেষ্টা করেও কোনও সুরাহা না হওয়ায় এখন দুশ্চিন্তাগ্রস্ত তাঁর পরিবার। সৌরদীপের বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার
শেষ আপডেট: 30 January 2020 11:28
দ্য ওয়াল ব্যুরো: টানা দশ দিন কোনও খোঁজ নেই কাকদ্বীপ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সৌরদীপ গুহর, সব রকম ভাবে চেষ্টা করেও কোনও সুরাহা না হওয়ায় এখন দুশ্চিন্তাগ্রস্ত তাঁর পরিবার। সৌরদীপের বাড়ি ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নুনগোলা পুরকাইত পাড়ায়। এ মাসের ২১ তারিখ থেকে তাঁর কোনও খোঁজ নেই।
সৌরদীপের স্মার্টফোন ছিল না, বেসিক যে ফোন ছিল সেটিও তিনি নিখোঁজ হওয়ার পর থেকে বন্ধ।
কাকদ্বীপ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন বলে ২১ জানুয়ারি বাড়ি থেকে বের হন সৌরদীপ। পরে জানা যায় সেদিন তিনি কলেজে যায়নি। দিনভর খোঁজাখুঁজি করে কোনও লাভ না হওয়ায় পরের দিন অর্থাৎ ২২ জানুয়ারি তাঁর বাড়ির লোকজন ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ইতিমধ্যেই সমস্ত আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়েছেন তাঁর পরিবারের লোকজন। কেউই তাঁর খোঁজ দিতে না পারায় শেষে ভবানী ভবনে নিখোঁজের অভিযোগ করে গুহ পরিবার।
২০১৯ সালে কাকদ্বীপের ওই প্রতিষ্ঠানে ভর্তি হন সৌরদীপ। তাঁর পরিবারে বাবা, মা ও বোন আছেন। বাবা পার্থসারথি গুহ ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসের কর্মী, মা জয়া ও বোন ঐন্দ্রিলা।
ছোট থেকে মেধাবী ছাত্র ছিলেন সৌরদীপ। পাড়াতেও ভাল ছেলে বলেই পরিচিত। অন্তর্মুখী স্বভাবের সৌরদীপ তেমন ভাবে কারও সঙ্গে মেলামেশা করতেন না। পরিবারের আশঙ্কা, তাঁর এই নিখোঁজের ঘটনার পিছনে কোনও রহস্য রয়েছে। শোনা যাচ্ছে পড়াশোনা নিয়ে বকাবকি করেছিলেন তাঁর বাবা।
তাঁর বোন ঐন্দ্রিলার এক জন বান্ধবী দাবি করেন, ডায়মন্ড হারবারের একটি ট্রেনে ২৪ জানুয়ারি তিনি সৌরদীপকে দেখেছেন। তবে তিনি যাঁকে দেখেছিলেন সেই ব্যক্তি সৌরদীপ ছিলেন কিনা এখন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
সৌরদীপের এখনও কেন কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না তা নিয়ে পরিবার চিন্তিত। এলাকার লোকজনও তাঁকে নিয়ে দুশ্চিন্তায়।